২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় মিশুক চলতে দেওয়ার দাবি

রাজধানীতে মিশুক চলতে দেওয়ার দাবিতে স্বপরিবারে থালা হাতে প্রতীকী অনশন করেছে মিশুক মালিক ও শ্রমিকেরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2012, 11:26 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে মিশুক চলতে দেওয়ার দাবিতে স্বপরিবারে থালা হাতে প্রতীকী অনশন করেছে মিশুক মালিক ও শ্রমিকেরা। আগামী ১২ মার্চের মধ্যে দাবি পুরণ না হলে ২৫ মার্চ যোগাযোগ মন্ত্রণালয় ঘেরাও করা হবে বলেও ঘোষণা করে তারা। মালিক-শ্রমিকরা জব্দ করা মিশুক ফিরিয়ে দেওয়া এবং চালকদের লাইসেন্স দেওয়ার দাবি জানান। সহজ শর্তে ঋণও চান তারা। এ সময় মিশুক মালিক-শ্রমিকরা জানায়, রাজধানীতে মিশুক চলা বন্ধ করে দেওয়ায় ৫০ হাজার পরিবার দুই মাস থেকে মানবেতর জীবন যাপন করছে। অনশন কর্মসূচিতে শ্রমিকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির (সিপিবি) সাধারন সম্পাদক মুজাহেদুল ইসলাম সেলিম বলেন, “সরকার যানজট নিরসন এবং পরিবেশ দূষণের যুক্তি দেখিয়ে মিশুক উচ্ছেদ করেছে। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, গত দুই মাসে কি শহরের যানজট এবং দুষণরোধ করা সম্ভব হয়েছে।” সেলিম আরো বলেন, “কোটি টাকার গাড়ি চালিয়ে যারা রাস্তা দখল করে নিতে চায় তাদের সুবিধার্থেই মিশুক বন্ধ করা হয়েছে। যানজট নিরসনে সরকারের উচিৎ হবে কোটি টাকা দামের প্রাইভেট গাড়ি আমদানি নিষিদ্ধ করা।” এ সময় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর কেন্দ্রীয় সদস্য শিরিন আকতার বলেন, “বিভিন্ন সময়ে বিভিন্ন রাস্তায় সাধারণ জনগনের বাহন রিকশা নিষিদ্ধ করা হয়। পুনর্বাসনের ব্যাবস্থা না করে এ ধরনের সিদ্ধান্ত গণতান্ত্রিক সিদ্ধান্ত হতে পারে না।” অনশন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন, ঢাকা মেট্রোপলিটন মিশুক মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক সারোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক সাখাওয়াত হোসেন দুলাল, সদস্য সচিব ওবায়দুল হক প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/১৭২২ ঘ.