চট্টগ্রাম, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিচার দাবিতে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) যৌথভাবে এ সমাবেশ আয়োজন করে।
এতে বিএফইউজে’র একাংশের সভাপতি ইকবাল সোবহান ছাড়াও অপর অংশের সভাপতি রুহুল আমীন গাজী ও মহাসচিব শওকত মাহমুদ বক্তব্য দেন।
বেসরকারি টেলিভিশন মাছরাঙার বার্তা সম্পাদক সাগর এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি গত ১১ ফেব্রুয়ারি ঢাকায় নিজের বাসায় খুন হন। হত্যাকাণ্ডের পর প্রায় এক মাস হলেও খুনিদের চিহ্নিত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সপ্তাহখানেক আগে আদালত এক নির্দেশে এ হত্যাকাণ্ডের বিষয়ে অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ না করার নির্দেশ দেয়।
উচ্চ আদালতের ওই নির্দেশের পরিপ্র্রেক্ষিতে ইকবাল সোবহান বলেন, “সংবাদপত্রের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হলে সে নির্দেশ মানতে সাংবাদিকরা বাধ্য নয়। আদালতের স্বাধীনতার জন্য সাংবাদিকরা লিখেছেন। আদালত সাংবাদিকদের স্বাধীনতা সুনিশ্চিত করবেন এটাই আমাদের প্রত্যাশা।”
সংবাদ প্রচারে হস্তক্ষেপ হলে সে নির্দেশ মানতে সাংবাদিকরা বাধ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
সিএমইউজে’র সভাপতি শামসুল হক হায়দরীর সভাপতিত্বে এবং সিইউজে’র সাধারণ সম্পাদক নাজিমুুদ্দীন শ্যামলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য দেন বিএফইউজে’র সহ-সভাপতি মোস্তাক আহমেদ, সিইউজে সভাপতি শহীদুল আলম, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব মুস্তফা নঈম, আসিফ সিরাজ, প্রবীণ সাংবাদিক নেতা ওবায়দুল হক, আতাউল হাকিম, এম. নাসিরুল হক প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা এতদিনে হত্যাকারী গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৭৩৬ ঘ.
bdnews24