২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন-শৃঙ্খলা আমেরিকার চেয়ে ভালো: হাছান

বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি আমেরিকার চেয়ে ভালো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 07:53 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি আমেরিকার চেয়ে ভালো। ডাকাতি, হত্যা এবং ধর্ষণের পরিসংখ্যান তুলে ধরে সোমবার সংসদ অধিবেশনে এ কথা বলেন তিনি। হাছান বলেন, “আমেরিকায় ২০১০ সালে প্রতি লাখে ডাকাতির ঘটনা ঘটেছে ১১৯টি। অন্যদিকে, বাংলাদেশে প্রতি লাখে ডাকাতি হয়েছে ১ দশমিক সাতটি।” “এভাবে, হত্যার ঘটনা আমেরিকায় ঘটেছে চার দশমিক আটটি আর বাংলাদেশে দুই দশমিক পাঁচটি এবং ধর্ষণের ঘটনা ঘটেছে ২৭ দশমিক পাঁচটি আর বাংলাদেশে ১০ দশমিক ১৩টি।” বিভিন্ন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে ‘টক শোতে’ যারা অংশ নেন তাদের ‘ভুল ধরা পার্টি’ হিসাবে অভিহিত করে বন ও পরিবেশ মন্ত্রী বলেন, “রাত ১২টার পর নিজেরা কিছু করে না। অন্যের ভুল ধরে এই ভুল ধরা পার্টি। এদের মধ্যে কেউ কেউ দু’বছর দেশ চালিয়েছিলেন।” রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেওয়া হাছান মাহমুদ আগামী ১২ মার্চ রাজধানীতে বিএনপির মহাসমাবেশের দিনে রাজপথে থাকবেন বলেও ঘোষণা দেন। দ্রব্যমূল্য আগের তুলনায় অনেক কমেছে দাবি করে তিনি বলেন, ২০০৮ সালের তুলনায় এখন মানুষের ক্রয় ক্ষমতা ৮০ থেকে ৮৫ শতাংশ বেড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/০০৪৫ ঘ.