সায়েদুল ইসলাম তালাত
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আলমগীর কুমকুমের মৃত্যুর পর সংগঠনের নেতৃত্ব নিয়ে অভিনেত্রী তারানা হালিম ও চিত্রনায়ক ফারুকের মধ্যে বিরোধ দেখা দিয়েছে।
সংগঠনটির ‘সাধারণ সম্পাদক’ অভিনেত্রী ও সংসদ সদস্য তারানা হালিম এবং ‘জ্যেষ্ঠ সহ সভাপতি’ চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক উভয়েই নিজেকে ভারপ্রাপ্ত সভাপতি বলে দাবি করেছেন।
দুই জনের দাবির পক্ষেই সংগঠনের প্যাডে আলাদা আলাদা প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে সংবাদ মাধ্যমে।
তারানা হালিম এ বিষয়ে আলাপকালে ফারুকের দাবি সম্পর্কে একপর্যায়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি আসলে সংগঠনের সদস্যই নন।”
এ দাবির প্রতিক্রিয়ায় ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি সদস্য নই, এ কথা বলার সাহস তার কোথা থেকে হলো? সে কে? তার বয়স কত?”
১৯৯৭ সালের ২৩ জুন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের বর্তমান নির্বাহী কমিটি গঠন করা হয়। এরপর এ কমিটির আর কোনো নির্বাচন বা সম্মেলন হয়নি।
গত ২৭ ফেব্রুয়ারি সংগঠনের সভাপতি আলমগীর কুমকুম মারা যাওয়ার পরপরই এ বিরোধের সূচনা হয়।
তারানা হালিম এতদিন ধরে সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। অন্যদিকে ফারুক জানিয়েছেন, তিনি জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসাবে সংগঠনে রয়েছেন।
রোববার পল্টনের একটি ঠিকানা থেকে পাঠানো বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্যাডে সাংগঠনিক সম্পাদক আসরারুল হাসানের বরাত দিয়ে দপ্তর সম্পাদক এম আর আকরাম মুকুলের স্বাক্ষরিত “এড. তারানা হালিম নয়, চিত্রনায়ক ফারুকই বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি” শিরোনামে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
চিত্রনায়ক ফারুক রোববার একটি জরুরি সভা আহবান করেন। সভার পর এ সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠানো হয়।
এ সভা প্রসঙ্গে ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সভায় গঠনতন্ত্র অনুযায়ী আমাকে ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচন করা হয়েছে। কমিটির বাকি পদগুলো যেমন আছে, তেমনি থাকবে। আগামী তিন মাসের মধ্যে ইলেকশন বা সিলেকশন, যাই হোক না কেন, সেটা করা হবে।”
অন্যদিকে এর কিছুক্ষণ পরই গুলশানের একটি ঠিকানা থেকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্যাডে তারানা হালিম স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়।
তারানা হালিমকে ভারপ্রাপ্ত সভাপতি হিসিবে উল্লেখ করে এতে বলা হয়, রোববার সকালে গুলশানে জোটের একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া তারানা হালিম আর কোনো সভা ডাকেননি। তাই ওই সভার (ফারুকের ডাকা) সঙ্গে সংগঠনের কোনো যোগসূত্র নেই এবং সেই সভার সিদ্ধান্তে কেন্দ্রীয় কমিটির কোনো অনুমোদনও নেই।
তারানা হালিমও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে নিজেকে ভারপ্রাপ্ত সভাপতি দাবি করেন।
তারানা জানান, আলমগীর কুমকুম মারা যাওয়ার পরদিন সভাপতিমণ্ডলীর সদস্যরা তাকে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালনের অনুরোধ জানানোয় তিনি এই দায়িত্ব নিয়েছেন। কারণ সংগঠনের নেতৃত্ব কোনো ভুল লোকের হাতে চলে যাক, সেটি তারা চান না।
তারানার দাবি প্রসঙ্গে ফারুক বলেন, “আমি সদস্য নই, এ কথা বলার সাহস তার কোথা থেকে হলো? সে কে? তার বয়স কত? আমি যখন এই সংগঠন শুরু করেছি, তখন সে কোথায় ছিল? উনি তো বলতে পারবেন না এই সংগঠনের কখন কি হয়েছে? সাধারণ সম্পাদক হয়ে তিনি কীভাবে ভারপ্রাপ্ত সভাপতি হন? কেউ যদি এই সংগঠন নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করে, তাদের বহিষ্কার করা হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএমটি/পিডি/২৩০৪ ঘ.
bdnews24