গোপালগঞ্জ, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠিকাদারী কাজ নিয়ে বিরোধের জেরে প্রকৌশলী মো. শাহ আলম সরদারকে (৪৬) অপহরণ করা হয়েছে বলে স্বজনরা সন্দেহ করছেন।
শনিবার বিকালে অফিসের কাজে ঢাকা যাওয়ার পথে গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের এই সহকারী প্রকৌশলী নিখোঁজ হন।
শাহ আলম সরদারের স্ত্রী আসমা আলম রিতা বলেন, গোপালগঞ্জ থেকে টেন্ডারের কাগজপত্র নিয়ে ঢাকা আসার পথে শাহ আলমকে অপহরণ করা হয়েছে।
“প্রায় দুই কোটি টাকার টেন্ডার (দরপত্র) নিয়ে অফিসে ঝামেলা চলছিল। এ কারণে তাকে অপহরণ করা হয়ে থাকতে পারে বলে আমার সন্দেহ হয়।”
আসমা আলম রিতা আরো বলেন, প্রায় এক মাস আগে গোপালগঞ্জের একটি নির্মাণ কাজ নিম্নমানের হওয়ায় শাহ আলম আপত্তি জানান। এ নিয়ে ওই কাজের ঠিকাদার তাকে হুমকি ধামকি দিয়েছেন।
বিষয়টি শাহ আলম নির্বাহী প্রকৌশলীকে জানান। এ ঘটনার পর তিনি ঢাকায় বদলি হওয়ার চেষ্টা করেন বলেও তার স্ত্রী দাবি করেন।
শাহ আলম সরদারের ভাই মো. শাহাদৎ হোসেন বলেন, “শনিবার সকাল ৯টার দিকে মোবাইল ফোনে আমার সঙ্গে তার কথা হয়। তখন তিনি অফিসে টেন্ডার নিয়ে ঝামেলা হচ্ছে বলে আমাকে জানান।”
এ ঘটনায় গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আলমগীর বাদশা মিয়া এবং শাহ আলমের ভাগ্নে মুস্তাফিজুর রহমান সোহাগ রোববার সদর থানায় পৃথক দু’টি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শনিবার বিকাল ৫টায় গোপালগঞ্জ থেকে অফিসের কাজে শাহ আলম ঢাকা রওনা দেন। রাত ৯টার দিকে তার স্ত্রী মোবাইল ফোনে কল করে ব্যস্ত টোন পান। রাত সাড়ে ১০টার দিকে ফোন করলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৫ ঘ.
bdnews24