ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা মহানগরের পশ্চিম গলির হরিজন সম্প্রদায়ের জমি দখলদারদের হাত থেকে রক্ষায় বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে হাই কোর্ট।
সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হেসেনের বেঞ্চ এক রিট আবেদনের প্রেক্ষিতে এই রুল জারি করে।
আদালত একইসঙ্গে সংশ্লিষ্ট এলাকায় সম্প্রদায়টির নিরাপত্তা নিশ্চিতে কেন ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্দেশনা দেওয়া হবে না তাও জানতে চায়।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, পুলিশের উপমহাপরিদর্শক (খুলনা রেঞ্জ), খুলনার জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ওই কলোনী থেকে অধিবাসীদের উচ্ছেদের ঘটনা তদন্ত করে একটি বিস্তারিত প্রতিবেদন দিতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনটি ২০ মার্চের মধ্যে আদালতে দাখিল করতে হবে।
মানবাধিকার সংগঠন বাংলাদেশ ‘মাইনরিটি ওয়াচ’র সভাপতি অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ গত বৃহস্পতিবার রিট আবেদনটি দায়ের করেন। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করে।
আদালতে রিট আবেদনকারী নিজেই শুনানি করেন। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ইয়াদিয়া জামান।
রিট আবেদনের সঙ্গে ১৬ ফেব্রুয়ারি দৈনিক সকালের খবরে প্রকাশিত একটি প্রতিবেদন যুক্ত করে দেওয়া হয়।
‘খুলনার দেড়শ বছরের সুইপার কলোনি উচ্ছেদ করছে পুলিশ!’ শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়, “পুলিশ লাইন সংলগ্ন কলোনির পশ্চিম গলির ২০টি বসতবাড়ি ইতোমধ্যে ভেঙে দেওয়ায় পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছে।”
“এ ব্যাপারে খুলনা জেলা পুলিশ দাবি করছে, অবৈধভাবে পুলিশ লাইনের জায়গায় গড়ে ওঠা বসতি খালি এবং পরিবেশ উন্নত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।”
পরে রবীন্দ্র ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ওই এলাকা পরিদর্শন করছি। পুলিশ বলছে, খেলার মাঠ করতে কলোনি থেকে বাসিন্দাদের উচ্ছেদ করা হয়েছে।”
“তবে আমি খবর নিয়ে জেনেছি, জায়গাটি লিজ দেওয়ার জন্য দেড়শ’ বছরের পুরোনো এই কলোনি উচ্ছেদ করেছেন জেলা পুলিশ সুপার।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২১৪২ ঘ.
bdnews24