২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ছাত্রলীগের সংঘর্ষে আহত ১০

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 12:19 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

নারায়ণগঞ্জ, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার সকালে ভুলতা এলাকায় এ সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। ভুলতা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাহ মো. আওলাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পক্ষে বিপক্ষের মিছিলের সময় ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, দুপুরে ছাত্রলীগের কমিটিতে অছাত্র, বিবাহিত ও ভুমিদস্যুদের না রাখার দাবিতে উপজেলা ছাত্রলীগ নেতা হাসিবের নেতৃত্বে একটি অংশ বিক্ষোভ মিছিল বের করে। এ সময় আরেক ছাত্রলীগ নেতা আলমের নেতৃত্বে অপর পক্ষ মিছিলে বাধা দিলে বাগবিতণ্ডা থেকে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে দু’পক্ষই লাঠিসোটা ব্যবহার করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে ছাত্রলীগ নেতা হাসিব সাংবাদিকদের বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করার সময় আলমের লোকজন হামলা চালায়।” আলম অভিযোগ অস্বীকার করে বলেন, “হাসিব তার লোকজন নিয়ে বিক্ষোভ মিছিল বের করলে যানজটের সৃষ্টি হয়। প্রতিবাদ করলে তারা আমাদের উপর হামলা চালায়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮১৬ ঘ.