কক্সবাজার, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরুন রুনি ও সাগর সরওয়ারসহ সব সাংবাদিক হত্যার বিচার দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা।
সোমবার কক্সবাজারে এক সমাবেশে এ আহ্বান জানান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দুই অংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও রুহুল আমিন গাজী।
কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যৌথভাবে এ কর্মসূচি দেয় কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন; সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজার; কক্সবাজার প্রেস ক্লাব; কক্সবাজার রিপোর্টার্স ইউনিটি এবং কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া অ্যাসোসিয়েশন।
কক্সবাজারের বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকরা সমাবেশে যোগ দেন। এছাড়া আমার দেশ পাঠক মেলা কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, স্বাধীনতার পর অনেক সাংবাদিক আততায়ীর হাতে নিহত হয়েছেন। একটিরও সুষ্ঠু তদন্ত ও বিচার হয়নি।
তিনি বলেন, সাংবাদিকরা শুধু সাগর-রুনি হত্যাকারীদের গ্রেপ্তারের আন্দোলনে আসেননি। নিজেদের পেশাগত নিরাপত্তার পাশাপাশি মুক্ত স্বাধীন গণমাধ্যমের জন্য মাঠে নেমেছেন। তারা চান নিরাপত্তার পাশাপাশি গণতন্ত্র যেন প্রাতিষ্ঠানিক রূপ পায়।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের আরেক অংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, “আমরা দল বুঝি না, মত বুঝি না। আমাদের কোনো দল নেই। পেশাদারিত্বের ক্ষেত্রে এক, আমরা সাংবাদিক।”
সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজার’র সভাপতি বদিউল আলম। বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন নেতা মোশতাক আহমদ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন সভাপতি আবু তাহের, সাংবাদিক ইউনিয়ন, কক্সবাজার’র সাধারণ সম্পাদক জিএএম আশেক উল্লাহ, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটি সভাপতি রাসেল চৌধুরী প্রমুখ।
সমাবেশ শেষে মিছিল নিয়ে কক্সবাজার প্রেস ক্লাবে যান সাংবাদিকরা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৭৫৮ ঘ.
bdnews24