২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাস বিকৃতি: বাউবির সাবেক উপাচার্য বারীকে তলব

পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতির ঘটনায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এরশাদুল বারীকে তলব করেছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 12:05 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতির ঘটনায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এরশাদুল বারীকে তলব করেছে হাই কোর্ট। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ শুনানি শেষে আগামী ১২ মার্চ তাকে আদালতে হাজির হওয়ার আদেশ দেয়। একইসঙ্গে আদালতে সোমবার হাজির হওয়াদের মঙ্গলবার আবার আসতে বলা হয়। বিদেশে থাকায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আদালতে আসতে না পারায় বিশ্ববিদ্যালয়টির নিবন্ধককেও ওইদিন আদালতে আসার নির্দেশ দেওয়া হয়। আদালতের আগের এক তলবের প্রেক্ষিতে সোমবার সকালে হাজির হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ এবং একই বিশ্ববিদ্যালয়ের চার অধ্যাপক শওকত আরা হোসেন, সাবিহা সুলতানা, মাহফুজা চৌধুরী ও দেলোয়ার হোসেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বইয়ে ইতিহাস বিকৃতির ঘটনায় ২০১০ সালে করা একটি কমিটির সদস্যদেরও মঙ্গলবার আদালতে আসতে অনুরোধ করা হয়। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন ছিলেন ওই কমিটির প্রধান। বিকৃত ইতিহাস উপস্থাপনের অভিযোগে ২০১০ সালে দায়ের করা এক রিটের শুনানির এক পর্যায়ে গত বৃহস্পতিবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ দুই বইয়ের ৫ লেখককে তলব করে আদালত। ওই পাঁচ লেখকের দুই জন হারুন-অর-রশিদ ও শওকত আরা যৌথভাবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগামের পৌরনীতি দ্বিতীয় পত্র বই লেখেন। এই বইয়ের ২০০৯ সালের জুলাই মাসে মুদ্রিত একটি কপি রিট আবেদনের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। সাবিহা সুলতানা, মাহফুজা চৌধুরী ও দেলোয়ার হোসেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একই প্রোগ্রামের সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্র বই লেখেন। ২০০৯ সালের জুন মাসে মুদ্রিত এই বইয়ের একটি কপি রিট আবেদনের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয় যাতে জিয়াকে স্বাধীনতার প্রথম ঘোষক বলার পাশাপাশি এই দেশ ও জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান হিসাবে উল্লেখ করা হয়েছিল। ২০০৯ সালের ওই মাসেই বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাই কোর্টের তৎকালীন বেঞ্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে রায় দেয়। আদালতে সোমবার রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন, অধ্যাপক হারুন-অর-রশিদের পক্ষে ছিলেন সৈয়দ হায়দার আলী। হায়দার আলী বলেন, “আদালতে উপস্থাপিত বইটিতে যেভাবে লেখা হয়েছে, আমরা সেভাবে লিখি নাই। এটা পরে বিকৃত করা হয়েছে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত আমরা তাদের শাস্তি দাবি করছি।” ‘ এখন আর ভোলানো যাবে না’ সোমবার অ্যাটর্নি জেনারেল অফিসে একটি নিয়োগ পরীক্ষায় স্বাধীনতার ঘোষকের নাম জিজ্ঞাসা করা হলে ৯০ শতাংশ জিয়াউর রহমানের নাম বলে- এ কথা উল্লেখ করে আদালত বলে, “এ দায় কার? অধ্যাপকরা বই লেখেন, আর কোমলমতি ছেলেরা তাই পড়েন।” আদালত বলে, “আমরা জানি, যখন স্বাধীনতা ঘোষণা হচ্ছে, তখন জিয়াউর রহমান সোয়াত জাহাজ থেকে পকিস্তানি অস্ত্র খালাস করতে যাচ্ছিলেন।” “পরে বাঙালি সৈন্যদের আপত্তির মুখে মুখে তিনি যেতে পারেননি। এটা মেজর রফিকও বলেছেন।” “ইতিহাস বিকৃতি হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা। যারা এসব ইতিহাস বিকৃতি করে তাদের ফাঁসিতে ঝোলানো উচিত। তাদের একমাত্র শাস্তি হলো ফাঁসির কাষ্ঠে ঝুলানো।” ইতিহাসবিকৃতি যারা করেছেন তারা হয়তো ‘আহাম্মক’ কিংবা ইচ্ছে করে এ কাজ করেছেন বলে মন্তব্য করে আদালত। “এতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক- এ কথা যতদিন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বইতে লেখা ছিলো, ততদিন শিক্ষার্থীরা এ বিষয়টিই জেনেছে।” “এটা এখন আর তাদের মন থেকে ভুলিয়ে দেওয়া যাবে না বা তাদেরকে আবার ওই ক্লাসে ভর্তি করিয়ে সংশোধিত বই পড়ানো যাবে না।” ‘বঙ্গবন্ধুর ঘোষণাও বইটিতে উল্লেখ করেছিলাম’ শুনানিতে অধ্যাপক হারুন-অর-রশিদও বক্তব্য দেন। তিনি বলেন, ২০০০ সালের অগাস্ট মাসে তিনি অধ্যাপক শওকত আরা বইটি লেখেন। “আমরা ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর ধ্বংসযজ্ঞের কথা লিখেছিলাম। বইয়ে ওইদিনের বঙ্গবন্ধুর ঘোষণাও বইটিতে উল্লেখ করেছিলাম।” “কিন্তু ২০০১ সালের অক্টোবরে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রফেসর ড. এরশাদুল বারী ভিসি [উপাচার্য] হন। তারপর ২০০২ সালে আমাদের লেখাকে বিকৃত করে দেন। এই লেখা চলে ২০০৯ সাল পর্যন্ত।” এরপর অধ্যাপক হারুন তার লেখা প্রথম বই ও ‘পরে বিকৃত’ বই আদালতে দেখান। তিনি বলেন, ২০০১-০৭ সাল পর্যন্ত এরশাদুল বারী, ২০০৭-০৮ পর্যন্ত এম ফরিদ আহাম্মেদ, ২০০৮-০৯ রুহুল আমিন আকন্দ এবং ২০০৯ থেকে আমিনুর রশীদ উপাচার্য রয়েছেন। এ ঘটনার জন্য সব উপাচার্যই দায়ী। তখন আদালত বলে, “আপনি বিষয়টি কখন জেনেছেন?” অধ্যাপক হারুন বলেন, ২০০৯ সালে পত্রিকায় প্রকাশিত হওয়ার পর তিনি জানতে পারেন। পরে ওই বছরের ২২ নভেম্বর তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দেন উল্লেখ করে বইয়ের এ লেখক বলেন, “পরে বিকৃত বইটি প্রত্যাহার করে নিয়েছেন। বর্তমানে সেটি আর বাজারে নেই।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৮০০ ঘ.