ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলের আপত্তির মধ্যে আগামী জাতীয় নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে করার প্রস্তুতি নিয়ে রাখছে নতুন নির্বাচন কমিশন।
তবে প্রস্তুতির কথা জানালেও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ বলেছেন, তারা চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেননি।
গত মাসে দায়িত্ব নেওয়া সিইসি সোমবার সাংবাদিকদের বলেন, “আগামী সংসদে ইভিএম ব্যবহার হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত হয়নি। তবে প্রস্তুতি রাখার জন্যে বলা হচ্ছে, যাতে নির্বাচনের আগ মুহূর্তে গিয়ে ঝামেলায় পড়তে না হয়।”
এ টি এম শামসুল হুদা নেতৃত্বাধীন সদ্যবিদায়ী ইসি দেশে ইভিএম প্রবর্তন করে। স্থানীয় কয়েকটি নির্বাচনে ইভিএম ব্যবহারের পর দুই বছর পর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের যেন ইভিএম ব্যবহার করা যায়, তার প্রস্তুতিও রেখে যান তারা।
ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচনে ইভিএম ব্যবহারের পক্ষপাতি হলেও এতে প্রবল আপত্তি রয়েছে বিএনপির। তারা বলছে, এর মাধ্যমে ভোট কারচুপির সুযোগ সৃষ্টি হবে।
নতুন সিইসি কাজী রকিব জাতীয় নির্বাচনের মতো বড় পসিররে ইভিএম ব্যবহারের আগে ব্যাপক জনসচেতনতা তৈরির পক্ষপাতি। এ জন্য গণমাধ্যমের সহায়তা চেয়েছেন তিনি।
বুয়েটের বিশেষজ্ঞ দল ইভিএমের সার্বিক বিষয়ে অগ্রগতি নতুন ইসির কাছে ইতোমধ্যে উপস্থাপন করেছে বলে কর্মকর্তারা জানান।
ডিসিসি নির্বাচনের তফসিল
সিইসি জানান, ঢাকার দুটি সিটি কর্পোরেশনের নির্বাচনের তফসিল ‘যথাসময়ে’ ঘোষণা করা হবে।
তিনি বলেন, “আইন অনুযায়ী নির্ধারিত সময়ের অন্তত একদিন আগে হলেও নির্বাচন করব। সময়মতো তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার অনেক সময় রয়েছে। কবে নির্বাচন হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি।
আইন অনুযায়ী, আগামী ২৯ মের মধ্যে ডিসিসি নির্বাচন শেষ করার বাধ্যবাধকতা রয়েছে।
হালনাগাদ প্রতিবছর : ২০১৩ সাল পর্যন্ত তথ্য সংগ্রহ
প্রতিবছর ভোটার তালিকা হালনাগাদের বাধ্যবাধকতার কথা তুলে ধরে কাজী রকিব জানান, একসঙ্গে কয়েক বছরের তথ্য সংগ্রহ করতে গেলে বেশ চাপে থাকতে হয়। এবারও তা করতে গিয়ে লোকবল বেশি নিয়োগ ও কাজ তিনগুণ বেড়ে যাচ্ছে।
আগামী ১০ মার্চ থেকে হালনাগাদের কাজ শুরু করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে জানিয়ে তিনি বলেন, এই কাজে কোনো জটিলতা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
দশম সংসদ নির্বাচনকে সামনে রেখে বিগত ইসি ২০১১ থেকে ২০১৪ সালের তথ্য সংগ্রহের জন্য সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বর্তমান ইসি আইনি সীমাবদ্ধতার কারণে ২০১৪ সালের তথ্য সংগ্রহ করতে চাচ্ছে না।
ইসি কর্মকর্তারা জানান, প্রতি বছর হালনগাদ করার জন্য ভোটার তালিকা আইনে বাধ্যবাধকতা রয়েছে। ২০১৩ সালের জানুয়ারিতে যাদের বয়স ১৮ বছর বা তার চেয়ে বেশি হবে তাদের নাম তালিকায় ওঠানো হবে।
২০১৪ সালের জানুয়ারিতে যারা আঠারোতে পা দেবে তাদের আগাম তথ্য সংগ্রহ করা হবে না বলে জানান তারা।
সংবিধানের পঞ্চদশ সংশোধন অনুযায়ী, ২০১৩ সালের অক্টোবর থেকে ২০১৪ সালের জানুয়ারির মধ্যে দশম নির্বাচনের কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউ/এমআই/১৭১০ ঘ.
bdnews24