২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসছেন মার্কিন উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর উপস্থিতি নিয়ে বিতর্কের মধ্যে সফরে আসছেন যুক্তরাষ্ট্রের উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী জেমস এ শিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 10:54 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর উপস্থিতি নিয়ে বিতর্কের মধ্যে সফরে আসছেন যুক্তরাষ্ট্রের উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী জেমস এ শিয়ার। বাংলাদেশে প্রথম সফরে সোমবার তিনি ঢাকা পৌঁছাবেন বলে যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে জানানো হয়, বাংলাদেশসহ কয়েকটি দেশে সেদেশের বিশেষ বাহিনীর সদস্যরা অবস্থান করছে। এই খবর প্রকাশের পর দেশের বামপন্থী দলগুলো তীব্র প্রতিক্রিয়া জানায়। এরপর রোববার ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা জানান, প্রশিক্ষণের জন্য কিছু সৈন্য বাংলাদেশে অবস্থান করলেও কাজ শেষেই চলে যাবেন তারা। শিয়ার তার সফরে আগামী ৮ মার্চ শান্তিদূত-৩ এর কার্যক্রম উদ্বোধন এবং অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। এছাড়া পটুয়াখালীতে ঘূর্ণিদুর্গতদের জন্য নির্মিত একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করবেন তিনি। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগে সাড়াদান ও প্রস্তুতিতে বাংলাদেশকে সহায়তায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর অঙ্গীকারাবদ্ধ। সফরে বাংলাদেশ সরকারের প্রতিনিধির সঙ্গে দেখা করা ছাড়াও জাতীয় প্রতিরক্ষা কলেজে এক অনুষ্ঠানে বক্তব্য দেবেন শিয়ার। শিয়ার ২০০৯ সালে এই যুক্তরাষ্ট্রের উপসহকারী প্রতিরক্ষামন্ত্রী পদে নিয়োগ পান। তিনি স্থিতিশীল এবং পুনর্গঠন অপারেশন, বৈদেশিক ত্রাণ ও মানবিক সহায়তা, আন্তর্জাতিক শান্তিরক্ষা প্রচেষ্টার বিষয়ে তার দেশের প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তাদের পরামর্শ দিয়ে থাকেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরএম/এমআই/১৬৫১ ঘ.