২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটপাতে মটর সাইকেল যেন না ওঠে: হাই কোর্ট

এর পাশাপাশি ঢাকায় সড়কের আয়তন, হাঁটার পথের আয়তন, ফুটওভার ব্রিজের সংখ্যা, জেব্রা ক্রসিংয়ের সংখ্যা ১০ এপ্রিলের মধ্যে জানাতে বলেছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 09:38 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা শহরের সড়কে নাগরিকদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে কয়েকটি নির্দেশনা দিয়েছে হাই কোর্ট। ফুটপাতে কোনো ধরনের যানবাহন বিশেষ করে মটর সাইকেল যেন না ওঠে, তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা শহরের যান্ত্রিক পরিবহনের জন্য রাস্তার আয়তন, হাঁটার পথের আয়তন, ফুটওভার ব্রিজের সংখ্যা, জেব্রা ক্রসিংয়ের সংখ্যা ১০ এপ্রিলের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে সিটি কর্পোরেশনকে। সোমবার বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি হাবিবুল গণি দুটি রিটের শুনানিতে এই দুটিসহ অর্ন্তর্বতীকালীন কয়েকটি নির্দেশনা দেয়। সিটি কর্পোরেশনকে আরো জানাতে হবে, গত এক বছর বিভিন্ন রাস্তায় রিকশা চলাচল বন্ধে কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কি না, দেওয়া হয়ে থাকলে তা ১০ এপ্রিল আদালতে দাখিল করতে বলা হয়েছে। ঢাকা নগরীর সড়কে চলাচলকারী নিবন্ধনকৃত বাস-মিনিবাসসহ যান্ত্রিক যানের সংখ্যা ১০ এপ্রিলের আদালতকে জানাতে বলা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ)। একইসঙ্গে রাজধানীর কোন সড়কে কতগুলো বাস-মিনিবাস চলাচল করছে তার সংখ্যাও প্রতিবেদনে থাকতে হবে। রাজধানীর ফুটওভার ব্রিজগুলোতে থাকা বিলবোর্ড ও হোল্ডিংগুলো আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে অপসারণ করতে সিটি কর্পোরেশন ও ঢাকা মহানগর পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিতে কদম ফোয়ারা, হাই কোর্টের মাজার গেট, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ও মৎস্য ভবনের সামনে জেব্রা ক্রসিং মার্ক করা এবং পর্যাপ্ত পুলিশ মোতায়েনের নির্দেশও দেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে অযান্ত্রিক যান (রিকশা) চলাচলে বিধি নিষেধ আরোপের বিরুদ্ধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে আইনজীবী কে এম জাবির ও আইনুন্নাহার সিদ্দিকা গত বছর জনস্বার্থে পৃথক দুটি রিট আবেদন করেন । ওই দুটি আবেদনের শুনানিতেই সোমবার এই নির্দেশনাগুলো দিয়েছে আদালত। নির্দেশনার পাশাপাশি এই বিষয়ে রুলও জারি করা হয়েছে। রাজধানীতে রিকশা চলাচলে অযৌক্তিক বিধিনিষেধ কেন অবৈধ ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। ফুটপাতে হাঁটা বা চলাচলের ক্ষেত্রে নগরবাসীদের সমান সুবিধা নিশ্চিতে নির্দেশ কেন দেওয়া হবে না; হাঁটার জন্য এবং অযান্ত্রিক যানবাহনের জন্য প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের কেন নির্দেশ দেওয়া হবে না, তার কারণও দর্শাতে বলা হয়েছে। একইসঙ্গে চলাচলের পর্যাপ্ত পথের ব্যবস্থা করতে, হাঁটার পথ ও অযান্ত্রিক যানের জন্য আলাদা লেনের ব্যবস্থা করতে এবং বিদ্যমান ফুটপাতে অবাধে চলাচলের বাধা দূর করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। ঢাকা মহানগরের গণ পরিবহণ নিয়ন্ত্রণ ও সমন্বয়ের জন্য মহানগর পরিবহন (ট্রান্সপোর্ট) কর্তৃপক্ষ গঠন করতে এবং একইসঙ্গে গণপরিবহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব, যোগাযোগ সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা সিটি কর্পোরেশনের উভয় প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, যুগ্ম কমিশনার (ট্রাফিক), বিআরটিএর চেয়ারম্যানসহ বিবাদিদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী হাসনাত কাইয়ুম ও এবিএম ওয়ালিউর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের অধ্যাপক সারওয়াত জাহান ও আইনজীবী কামরুল হক সিদ্দিকী আদালতের আহ্বানে শুনানিতে বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৫৩০ ঘ.