২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলিতে সৌদি দূতাবাস কর্মকর্তা নিহত

গভীর রাতে গুলশানে গুলিবিদ্ধ হওয়ার পর মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান এই সৌদি নাগরিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2012, 06:53 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় সৌদি আরব দূতাবাসের এক কর্মকর্তা গুলশানে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। খালাফ আল আলী (৪৫) নামের এই সৌদি নাগরিক দূতাবাসে কনস্যুলার বিভাগে কাজ করতেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। পুলিশ এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছেন, দেশে এখন কূটনীতিকদেরও নিরাপত্তা নেই। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এই ঘটনাকে ‘অনভিপ্রেত’ বলে উল্লেখ করেছেন। তবে এই ঘটনা সৌদি আরবের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলবে না বলে আশা করছেন তিনি। ঢাকা মহানগর পুলিশের গুলশান অঞ্চলের সহকারী কমিশনার নূরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাত ১টার দিকে গুলশানের ১২০ নম্বর সড়কের ১৯/বি নম্বর বাসার সামনে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী। পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে এই সৌদি নাগরিকের মৃত্যু হয় বলে সহকারী কমিশনার জানান। ময়না তদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, একটি মাত্র গুলি লেগেছে খালাফের দেহে। এতে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। কনস্যুলেট অব পর্তুগাল প্রধানের কার্যালয় ও বাসভবনের সামনেই গুলিবিদ্ধ হন খালাফ। ওই ভবনের নিরাপত্তাকর্মী জুলফিকার সাংবাদিকদের বলেন, রাত ১টার দিকে তিনি একটি গুলির শব্দ শুনতে পান। পরে দেখতে পান এক ব্যক্তি ওই ভবনের দক্ষিণ পাশের দেওয়াল ঘেঁষে পড়ে রয়েছে। ঘটনার পর সাদা রঙের একটি গাড়ি দ্রুতবেগে পশ্চিম দিকে চলে যেতে দেখেন বলে জানান তিনি। তখন জুলফিকার ঘটনাটি গুলশান থানায় জানালে পুলিশ এসে খালাফকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে। সোদি দূতাবাসের এই কর্মকর্তা ১২০ নম্বর রোডের ২২/এ ভবনের ৪ তলার এ-৪ নম্বর ফ্ল্যাটে থাকতেন। ওই ভবনের নিরপত্তাকর্মী তাপস রেমা সাংবাদিকদের জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে প্রতিদিনের মতো ট্রাউজার ও গেঞ্জি পরে হাঁটতে বের হয়েছিলেন খালাফ। তার হাতে একটি পানির বোতল ছিল। তাপস জানান, সৌদি কর্মকর্তা এক বছর ধরে ওই ফ্ল্যাটে একাকী বসবাস করতেন। সৌদি কর্মকর্তা নিহত হওয়ার খবরে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিভাগের মহাপরিচালক এম আল্লামা সিদ্দিক এবং চিফ অব প্রটোকল এম এ এস সাদিক দুপুরে ইউনাইটেড হাসপাতালে ছুটে যান। ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ আল বুশাইরিসহ দূতাবাসের কর্মকর্তারা দুপুরে গুলিবিদ্ধ হওয়ার স্থান পরিদর্শন করেন। তারা পুলিশ কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মুস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককমকে বলেন, “আমরা বেলা পৌনে ১টার দিকে সৌদি দূতাবাস থেকে বিষয়টি জানতে পেরেছি। এটি খুবই দুঃখজনক ঘটনা। আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।” তিনি জানান, সৌদি দূতাবাস কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক যোগাযোগ করেছে এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে যত দ্রুত সম্ভব তাদের জানাতে বলেছে। “সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূতকেও এ বিষয়টি সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে,” যোগ করেন ভারপ্রাপ্ত সচিব। এ বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু দুপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, “বিষয়টি তদন্ত করা হচ্ছে, তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।” মঙ্গলবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই কর্মকর্তার ময়না তদন্ত হয়। ময়না তদন্ত শেষে ওই কলেজের ফরেনসিক অ্যান্ড মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক কামরুল হাসান সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খালাফ আল আলী বুকের বাম পাশে একটি গুলি পাওয়া যায। গুলি তার কিডনিতে স্পর্শ করেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে তিনি জানান। গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ময়নাতদন্ত শেষে ওই কর্মকর্তার লাশ ঢামেক হিমঘরে রাখা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, সৌদি দূতাবাসের কোনো একজন মামলা করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/এসএসজেড/এসএইচএ/এমআই/২১২৫ ঘ.