মাগুরা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার শালিখায় লালন স্মরণোৎসবে মাদ্রাসা ছাত্র-শিক্ষকরা হামলা চালিয়ে মঞ্চ ভাংচুর এবং অন্তত ১০ বাউল সাধককে মারধরের ঘটনায় মামলা দায়েরের পর তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে আয়োজক সংস্থা পুলুম লালন সাংস্কৃতিক স্মৃতি সংঘের সভাপতি ফকির আজিবর চিশতি বাদি হয়ে মামলাটি করেন বলে জানান শালিখা থানার ওসি এস এম শামসুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে মামলাটি করা হয়। মামলায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
মামলা দায়েরের পরপরই তিন জনকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- হাবিবুর রহমান মেম্বার (৪০), মো. দুলাল মিস্ত্রি (৩৬) এবং শাহীনুর রহমান (২৮)। হাবিবুর ও শাহীনুর মধুখালী গ্রামের বাসিন্দা এবং দুলালের বাড়ি পুলুমে। এরা মামলার এজাহারভুক্ত আসামি।
ওসি জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলার পুলুম গোলাম সরোয়ার হাইস্কুল মাঠে লালন স্মরণোৎসবে শনিবার রাত সাড়ে ১০টার দিকে কাটিগ্রাম কওমি মাদ্রাসা ও দেশমুখপাড়া কওমি মাদ্রাসার শিক্ষক-ছাত্ররা একত্রিত হয়ে এই হামলা চালায়।
জঙ্গিবাদ সৃষ্টিতে বিপথগামী কিছু মাদ্রাসার শিক্ষক ও ছাত্র জড়িয়ে পড়ছে- আয়োজক সংস্থা পুলুম লালন সাংস্কৃতিক স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের এমন বক্তব্যের পরপরই দুই মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা সংগঠিত হয়ে লাঠিসোঁঠা ও ধারালো অস্ত্র নিয়ে মঞ্চে হামলা চালায়। এতে আহত হয় কমপক্ষে ১০ বাউল।
এই ঘটনায় পুলুম পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “আসলে তেমন কিছু হয়নি।”
সোমবার সকালে পুলুম লালন সাংস্কৃতিক স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলা দায়েরের পর থেকেই হামলাকারীরা এই ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দিয়ে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১২২২ ঘ.
bdnews24