মাদারীপুর, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর শহরে ইট বোঝাই একটি ট্রাকের চাপায় ভ্যানযাত্রী বাবা-মেয়েসহ তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে এক শিশু।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের কুলপদ্দি চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়।
নিহতরা হলেন- ভ্যানের যাত্রী আজিবর বেপারী (৪০) ও তার মেয়ে তানজিলা আক্তার (১৫) এবং ভ্যানচালক আবদুল হালিম (৪০)। তাদের বাড়ি সদর উপজেলার কাজীরটেক ফেরিঘাটের পূর্বপাড়।
মাদারীপুর পুলিশ সুপার মো. নজরুল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুলপদ্দি চৌরাস্তায় ইট বোঝাই ট্রাকটি পেছন থেকে যাত্রীবাহী ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।
মাদারীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, ট্রাক চালক টিটু সরদার ওরফে কালুকে (২২) আটক করা হয়েছে। শহরের গোলাবাড়ি এলাকার বাসিন্দা টিটু মূলত ট্রাক চালকের সহকারী। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
আহত আজিবুর বেপারীর আরেক মেয়ে সুমাইয়া আক্তারকে (১২) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১০৫৮ ঘ.
bdnews24