২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিক্ষকদের সাময়িক বরখাস্ত অনির্দিষ্টকাল কেন’

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাময়িক বরখাস্তের আদেশ অনির্দিষ্টকাল চলমান থাকা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 03:41 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাময়িক বরখাস্তের আদেশ অনির্দিষ্টকাল চলমান থাকা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে হাই কোর্ট। আদালত একইসঙ্গে সাময়িক বরখাস্তের সময় নির্ধারণ করে বিধি প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না তাও জানতে চেয়েছে। তিন সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, রাজশাহী বোর্ডের চেয়ারম্যানসহ রিট আবেদনকারী ছয় শিক্ষকের নিয়োগদাতা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের চেয়ারম্যানকে এর জবাব দিতে বলা হয়েছে। সময়সীমা উল্লেখ ছাড়া দেওয়া নোটিসে দীর্ঘদিন যাবত সাময়িকভাবে বরখাস্ত থাকা ছয় শিক্ষকের এক রিট আবেদনের প্রেক্ষিতে রোববার এই রুল জারি করে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ। আদালতে রিটকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এ বি ম নুরুল ইসলাম শুনানি করেন। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ। সরকার পক্ষে ছিলেন ওই কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল-আমিন সরকার। নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোনো সরকারি চাকরিজীবীকে বরখাস্ত করা হলে ১৯৯৬ সালের পূর্বে মৌলিক বিধির ৫৩ ধারা অনুযায়ী তিন মাস পরে ওই আদেশ প্রত্যাহার করা হয়েছে বলে ধরে নেওয়া হতো। বর্তমানে ওই বিধান বিলুপ্ত। “তবে আমাদের মামলার বেসরকারি প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বরখাস্তের সময়সীমা না থাকার বিষয়টি চ্যালেঞ্জ করেছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২১৩৭ ঘ.