চট্টগ্রাম, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে স্বামীর বিরুদ্ধে ছয় মাসের সন্তানকে ‘আছাড় মেরে হত্যার’ অভিযোগ এনেছেন স্ত্রী।
স্বামী মো. জাহেদ রানার বিরুদ্ধে এ অভিযোগ এনে রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন হাটহাজারী উপজেলার ফতেপুরের তাসলিমা আক্তার।
তিনি বলেন, রানা তার সন্তানকে ‘খাটের ওপর আছাড় মেরে’ হত্যা করেছেন।
পাশাপাশি যৌতুকের দাবিতে তার ওপরও নির্যাতনের অভিযোগ আনেন তাসলিমা।
সংবাদ সম্মেলনে তাসলিমার উপস্থিতিতে তার পক্ষে লিখিত বক্তব্য পড়েন তার বড় ভাই মামুন অর রশিদ।
এতে বলা হয়, গত ২২ ফেব্রুয়ারি যৌতুকের দাবি না রাখায় তাসলিমার ছয় মাস বয়সী মেয়ে মাহিয়াকে তার স্বামী জাহেদ ‘খাটের ওপর আছাড় দিয়ে’ হত্যা করেন।
তিনি বলেন, “ওই দিন জাহেদ আমার ছোট বোনকে বাবার বাড়ি থেকে ১০ লাখ টাকা যৌতুক চাইলে সে অপারগতা জানালে শারীরিকভাবে নির্যাতনও করা হয়।”
এ ঘটনায় স্বামী রানা ও তার স্বজনদের বিরুদ্ধে গত ২৩ ফেব্রুয়ারি হাটহাজারী থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেন মামুন।
তিনি জানান, এর পর গত ২৬ ফেব্র“য়ারি চট্টগ্রাম আদালতে নাতনী হত্যা ও মেয়ে নির্যাতনের অভিযোগে দুইটি মামলা করেন তার মা নুরন্নাহার বেগম।
নুরন্নাহার ছাড়াও তাসলিমার আরেক বড় ভাই শফিকুর রহমানসহ কয়েকজন স্বজন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০৪৯ ঘ.
bdnews24