২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীরা গণরোষের ভয়ে ভীত: নোমান

রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়ে সরকারের মন্ত্রীদের মধ্যে গণরোষে পড়ার আতঙ্ক ভর করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 02:24 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

চট্টগ্রাম, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়ে সরকারের মন্ত্রীদের মধ্যে গণরোষে পড়ার আতঙ্ক ভর করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। রোববার বিকালে নগরীর নয়াবাজার বিশ্বরোড মোড়ে ‘ঢাকা চলো’ কর্মসূচির সমর্থনে সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “গণরোষে পড়ার ভয় থেকে তারা (মন্ত্রী) বিএনপির ঢাকা চলো কর্মসূচি বাধাগ্রস্ত করতে উস্কানিমূলক বক্তব্য দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।” মহাজোট সরকারের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে ১২ মার্চ ‘ঢাকা চল’ কর্মসূচি সফল হবে বলে জানান তিনি। হালিশহর ও ডবলমুরিং থানা যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে। হালিশহর থানা বিএনপির যুগ্ম-আহবায়ক মোশারফ হোসেন ডিপটির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, পাহাড়তলী থানা বিএনপির আহবায়ক শামসুল আলম, কোতোয়ালি কমিটির সভাপতি এম এ সবুর প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ শেষে একটি মিছিল হালিশহর এলাকার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২০২৩ ঘ.