ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেলিযোগাযোগ বিভাগকে নতুন মন্ত্রণালয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধীন করার সুপারিশ সরকারের কাছে করার সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি।
রোববার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, “টেলিকম সেক্টর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মেরুদণ্ড বিধায় এই সেক্টরকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত করার জন্য সরকারকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
নবগঠিত এই কমিটি তাদের প্রথম বৈঠকেই এই সিদ্ধান্ত নিল। সংসদ ভবনে কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এই বৈঠকে নতুন মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আবুল হোসেনও ছিলেন।
কমিটির সদস্য জুনাইদ আহমেদ পলক, বেগম ফজিলাতুন নেসা, কে এম খালিদ এবং সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াও বৈঠকে অংশ নেন।
তিন মাস আগে সরকার বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ভেঙে আলাদা দুটি মন্ত্রণালয় করার পর নতুন এই সংসদীয় কমিটি গঠন করা হয়।
নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় নামে আগের একীভূত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন ইয়াফেস ওসমান। তিনি এখন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু।
আবুল হোসেনকে যোগাযোগ থেকে সরিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে পাঠানোর সময় বিভিন্ন সংবাদপত্রে খবর ছাপা হয় যে তিনি তখন টেলিযোগাযোগকে তার নতুন ওই মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৮৫০ ঘ.
bdnews24