অলোক বোস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
মাগুরা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার শালিখায় লালন স্মরণোৎসবে মাদ্রাসা ছাত্র-শিক্ষকরা হামলা চালিয়ে মঞ্চ ভাংচুর এবং অন্তত ১০ বাউল সাধককে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ বলছে, ‘তেমন কিছু হয়নি’।
উপজেলার পুলুম গোলাম সরোয়ার হাইস্কুল মাঠে লালন স্মরণোৎসবে শনিবার রাতে দুটি মাদ্রাসার শিক্ষক-ছাত্ররা একত্রিত হয়ে এই হামলা চালায় বলে জানান আয়োজক সংস্থা পুলুম লালন সাংস্কৃতিক স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত ১০টার দিকে উৎসবের আলোচনা পর্বে বিশ্ব লালন সংঘের পরিচালক ড. আব্দুল মান্নান বক্তব্যে রাখছিলেন।
“এক পর্যায়ে তিনি ইসলামকে শান্তিরর ধর্ম উল্লেখ করে বলেন, কিছু লোক ইসলামের নাম ব্যবহার করে জঙ্গিবাদ সৃষ্টি করছে। এর সাথে কিছু বিপথগামী মাদ্রাসার শিক্ষক ও ছাত্র জড়িয়ে পড়ছে। এরা ইসলামের প্রকৃত অনুসারী নয়,” বলেন আনোয়ার।
এর কিছু পরেই সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলুম কাটিগ্রাম কওমি মাদ্রাসার সুপার মুফতি মুন্সী আশরাফ হোসেন রাজু, তার ছোট ভাই নয়ন মুন্সী, দেশমুখপাড়া কওমি মাদ্রাসার সুপার আব্দুল কাইয়ুমসহ কয়েকজন সেখানে গিয়ে হট্টগোলের চেষ্টা করেন বলে স্থানীয়রা জানায়।
ওই সময় সেখানে উপস্থিত পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কবির হোসেন মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের ফাঁড়িতে ডেকে নিয়ে যান।
কিছু সময় পর তাদের নেতৃত্বে দুই মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা সংগঠিত হয়ে লাঠিসোঁঠা ও ধারালো অস্ত্র নিয়ে মঞ্চে হামলা চালায় বলে জানান আনোয়ার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদ্রাসা ছাত্ররা মঞ্চ, চেয়ার টেবিল, আলোকসজ্জা, সাউন্ড সিস্টেম ভাংচুর করে। মঞ্চে থাকা লালনের ছবি পায়ে মাড়িয়ে থুথু নিক্ষেপ এবং গালাগালিও করে।
আনোয়ার জানান, হামলাকারীরা বাউল সাধক ফকরুদ্দিন সাঁই, নজরুল ইসলাম, কবির উদ্দিন, রঘুনাথ বাউল, আলপনা পারভীনসহ কমপক্ষে ১০ জন বাউলকে মারপিট করে।
ওই সময় পুলিশ কোনো পদক্ষেপ নেওনি বলে অভিযোগ করেন তিনি।
রোববার দুপুরে সেখানে গিয়ে দেখা যায়, এ নিয়ে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। লালন উৎসবের আয়োজকদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ডেকেছে ওই দুই কওমি মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা। এলাকায় মাইকিংও চলছে।
এই বিষয়ে এএসআই কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসলে তেমন কিছু হয়নি।”
তিনি জানান, মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের সমাবেশ না করতে বলা হয়েছে। কোনো অভিযোগ থাকলে তাদের থানায় লিখিত দিতে বলেছেন তিনি।
পুলিশ ফাঁড়ির হাবিলদার মো. মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনুষ্ঠানে ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণেই এ হামলা হয়েছে বলে আমরা জানি।”
শালিখা থানার ওসি এস এম শামসুল হক জানান, লালন স্মরণোৎসবে ইসলামবিরোধী কথাবার্তা বলায় মুসল্লিরা একটু ক্ষিপ্ত হয়েছে বলে তিনি শুনেছেন।
এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান ওসি।
এদিকে রোববার সন্ধ্যা সোয়া ৬টায় আয়োজক সংস্থা পুলুম লালন সাংস্কৃতিক স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জানান, তিনি ১৭ জনকে আসামি করে একটি মামলা করতে যাচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৮২৫ ঘ.
bdnews24