২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বাসে ডাকাতি, আটক ১

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2012, 05:56 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

কক্সবাজার, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে। শনিবার বিকালে কক্সবাজার সদরের ঈদগাঁও’র ইসলামপুর চাকার দোকান এলাকায় যাত্রীবাহী সোদিয়া পরিবহনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ এক যুবককে আটক করেছে। তিনি ওই এলাকার মোক্তার আহমদের ছেলে। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যাত্রীবেশে দুই ডাকাত ওই বাস থেকেই সহযোগীদের ইসলামপুর চাকার দোকান এলাকায় সড়কে অবরোধ দিতে বলে মোবাইল ফোনে। তার কথামতো ডাকাতরা অবরোধ দিয়ে বাসটি থামিয়ে সৌদি আরব থেকে আসা এক ব্যক্তিকে অস্ত্রের ভয় দেখিয়ে মালপত্রসহ নামিয়ে তার মালামাল নিয়ে চলে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে আবদুর রহমান (২৬) নামে ওই যুবককে আটক করে। লুণ্ঠিত মালামালের মধ্যে রয়েছে স্বর্ণালংকার, নগদ টাকা, পাসপোর্ট, ল্যাপটপ ও বিমানের ফিরতি টিকেটসহ অন্তত দুই লাখ টাকার মালামাল। প্রবাসী ওই প্রবাসী হলেন কক্সবাজারের রামু উপজেলার তেচ্ছিপুল এলাকার আবদুল মোনাফের ছেলে মো. ইলিয়াছ। আটক আবদুর রহমান পুলিশকে জানান, ইসলামাবাদ ইউনিয়নের ইউসুফের খিল এলাকার হাসান নামের এক যুবক মোবাইল ফোনে ‘গাড়িটি দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাচ্ছে’ বলে খবর দিলে তারা রাস্তায় অবরোধ দেন। পরে যাত্রীবেশে গাড়িতে থাকা যুবকরা ডাকাতি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৬ ঘ.