২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগ, থানা ঘেরাও

রংপুরের বদরগঞ্জ উপজেলায় পুলিশের নির্যাতনে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে এলাকাবাসী থানা ঘেরাও করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2012, 05:24 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

রংপুর, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের বদরগঞ্জ উপজেলায় পুলিশের নির্যাতনে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে এলাকাবাসী থানা ঘেরাও করেছে। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তারা বদরগঞ্জ থানায় লাশ নিয়ে অবস্থান এবং উপ-পরিদর্শক (এসআই) মিজান, শফিউল, কনস্টেবল জাহান ও ফজলুর শাস্তি দাবি করে। পরে পৌর মেয়র ও থানার ওসি তদন্ত কমিটি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা লাশ নিয়ে চলে যায়। গত বুধবার (২৯ ফেব্র“য়ারি) মাছ ব্যবসায়ী আব্দুর রহিম শেখকে মাদক সেবনের অপরাধে পুলিশ গ্রেপ্তার করে। পরদিন ভ্রাম্যমাণ আদালত এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে তাকে রংপুর কারাগারে পাঠায়। শুক্রবার অসুস্থ হওয়ার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান। লাশের সুরতহাল তৈরির পর ময়নাতদন্ত শেষে রহিম শেখের লাশ দুপুরে শাহাপুরে তার বাড়িতে পৌঁছলে এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে ওঠে। এ ব্যাপারে শাহাপুরের আব্দুল কাদের জিলানী বলেন, রহিমকে বাড়ি থেকে ধরেই পুলিশ মারধর শুরু করে। পেটাতে পেটাতে এমন অবস্থা করা হয় যে তাকে আর মোটরসাইকেলে বসানো সম্ভব হয়নি। পরে পিকআপ ভ্যান এনে তাকে থানায় নেওয়া হয়। মেডিকেল মোড় এলাকার দেলোয়ারা বলেন, পুলিশের নির্যাতনে রহিম চিৎকার করলেও কোনো কাজ হয়নি। তার চিৎকারে এলাকার মানুষের চোখে পানি এসে গেছে। শাহাপুরের আবুল হোসেন বলেন, হাসপাতালে রহিমের মাথা ও পায়ে বুট দিয়ে চেপে ধরেছে পুলিশ। পৌর কাউন্সিলর নূর মোহাম্মদ শেখ বাবু বলেন, বিক্ষুব্ধ জনতা সন্ধ্যা সোয়া ৭টা পর্যন্ত রহিমের লাশ নিয়ে থানার সামনে অবস্থান করেছে। বদরগজ্ঞ থানার ওসি পৃথ্বীশ কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পৌর মেয়র উত্তম কুমার সাহা ও তিনি (ওসি) তদন্ত কমিটি গঠনের আশ্বাস দেওয়ার পর তারা লাশ নিয়ে ফিরে যায়। ওসি আরো বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে সবকিছু এগিয়ে চলছে। রহিম শেখের মৃত্যুর ব্যাপারে তদন্ত কমিটি করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৯ ঘ.