চট্টগ্রাম, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীতে ট্রাকচালকের কাছ থেকে ‘চাঁদা’ নেওয়ার ছবি তোলায় এক ট্রাফিক সার্জেন্ট এক আলোকচিত্র সাংবাদিককে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় দৈনিক পূর্বকোণের আলোকচিত্রী মিয়া আলতাফ এ অভিযোগ এনেছেন ট্রাফিক সার্জেন্ট পুলক চাকমার বিরুদ্ধে।
আলতাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে শনিবার সকাল সোয়া ১২টার দিকে তিনি নগরীতে ফিরছিলেন।
এ সময় সিমেন্ট ক্রসিং মোড়ে একটি ট্রাক দাঁড় করিয়ে এক সার্জেন্ট ও কনস্টেবলের ‘চাঁদা’ নেওয়ার ঘটনা দেখতে পান তিনি।
আলতাফ বলেন, “ছবি তুলতে গেলে ট্রাফিক সার্জেন্ট পুলক চাকমা আমার দিকে তেড়ে এসে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন।”
পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে সার্জেন্ট তাকে ছেড়ে দেন বলে জানান।
এ প্রসঙ্গে নগর পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) এমরান ভূইঁয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিমেন্ট ক্রসিং মোড়ে একটি ট্রাকের কাগজপত্র চেক করার সময় এক ব্যক্তি সাংবাদিক পরিচয় না দিয়ে ছবি তুলতে গেলে ভুল বোঝাবুঝি হয়েছে মাত্র।”
ওই ঘটনায় শারীরিক লাঞ্ছনার কথা শোনেননি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
এদিকে সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় পৃথক বিবৃতিতে নিন্দা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নেতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২২৩৯ ঘ.
bdnews24