সিরাজগঞ্জ, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস চাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুদ্ধরা সড়ক অবরোধ করে কয়েকটি যানবাহন ভাংচুর করে।
শনিবার সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের কোনাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত মো. আলহাজ (১৫) বাগবাড়ী শহীদুল বুলবুল কারিগরী স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র। সে পাইকশা গ্রামের দুলাল হোসেনের ছেলে।
সিরাজগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, বেলা পৌনে ১১টার দিকে স্কুলের সামনে দাঁড়িয়ে ছিল আলহাজ। এ সময় দ্রতগতির একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্কুলের ছাত্র-ছাত্রীরা লাঠিসোটা নিয়ে কোনাবাড়ী সড়ক অবরোধ করে কয়েকটি যানবাহন ভাংচুর করে। এসময় যানবাহনগুলো বিকল্প পথে সিরাজগঞ্জ শহর হয়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে চলাচল করে।
এএসপি জানান, দুপুর সোয়া ১টার দিকে জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও কামারখন্দ উপজেলা চেয়ারম্যান শহিদুল্লাহ সবুজ ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাস চালককে আটক এবং স্কুলের সামনে ওভারব্রিজ নির্মাণের আশ্বাস দিলে ছাত্র-ছাত্রীরা অবরোধ তুলে নেয়।
পরে জেলা প্রশাসক নিহত ছাত্রের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৪৪ ঘ.
bdnews24