নারায়ণগঞ্জ, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ১৫ জন আহত হয়েছে।
এরপর এলাকার লোকজন শিয়ালটিকে পিটিয়ে হত্যা করেছে।
শুক্রবার বিকালে মাগমুছা গ্রামে এ ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, বিকালে হঠাৎ একটি শিয়াল লোকালয়ে এসে লোকজনকে কামড়াতে শুরু করে। এ সময় ভয়ে গ্রামের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।
আহতদের মধ্যে রয়েছেন মাগমুছা গ্রামের নাসিমা বেগম, সোনিয়া আক্তার, শাওন, আহাদ, সুমি, সৈকত ও সপ্নীল। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পরে গ্রামের লোকজন লাঠিসোটা নিয়ে ধাওয়া করে শিয়ালটিকে ধরে পিটিয়ে হত্যা করেছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জলাতঙ্ক আক্রান্ত হলে শিয়াল মানুষকে কামড়াতে পারে। যাদের কামড়েছে তাদের প্রত্যেককে অবশ্যই জলাতঙ্কের টিকা নিতে হবে।
সোনারগাঁও থানার ওসি হারুন-অর-রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২০ ঘ.
bdnews24