২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনভান্তের মরদেহ সংরক্ষণ

বৌদ্ধ ধর্মীয় গুরু শ্রীমৎ সাধনানন্দ মহাথেরো বনভান্তের মরদেহ বিশেষ কফিনে আনুষ্ঠানিকভাবে সংরক্ষণ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2012, 01:47 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

রাঙামাটি, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৌদ্ধ ধর্মীয় গুরু শ্রীমৎ সাধনানন্দ মহাথেরো বনভান্তের মরদেহ বিশেষ কফিনে আনুষ্ঠানিকভাবে সংরক্ষণ করা হয়েছে। থাইল্যান্ড থেকে আনা বিশেষ কফিনে বনভান্তের মরদেহ বিকালে তার বিশ্রামাগারে রাখা হয়। শুক্রবার এ উপলক্ষে রাঙামাটিতে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১১টার দিকে রাজ বনবিহার উত্তর মাঠে অনুষ্ঠিত বিশেষ পুণ্যানুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় গুরুরা ছাড়াও দেশ বিদেশের হাজার হাজার ভক্ত অনুরাগী অংশ নেন। অনুষ্ঠানের ধর্ম দেশনা দেন বনভান্তের শিষ্য প্রজ্ঞালংকার মহাথেরো, ড. জীনবোধি মহাথেরো, প্রজ্ঞানন্দ মহাথেরো, প্রজ্ঞাবংশ মহাথেরো এবং থাইল্যান্ডের ধর্মকায়া সংস্থার ওরাবাত থেরো। অনুষ্ঠানে বক্তব্যে রাখেন শিল্পমন্ত্রী দীলিপ বড়–য়া, পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, চাকমা রাজা দেবাশীষ রায় ও বনবিহার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি গৌতম দেওয়ান। এছাড়া উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, সেনাবাহিনীর আঞ্চলিক কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল শামসুজ্জামান, জেলা বিএনপি সভাপতি দীপেন দেওয়ান প্রমুখ। পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার তার বক্তব্যে আগামী অর্থবছরে বনভান্তের জন্মস্থান মগবানে স্মৃতিস্তম্ভ নির্মাণের ঘোষণা দেন। রাজ বনবিহার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি গৌতম দেওয়ান বলেন, বনভান্তের মরদেহ বিজ্ঞান ও বিনয় মতে যতদিন সম্ভব সংরক্ষণ করা হবে, যাতে তার ভক্তরা বছরে পর বছর তার দর্শন লাভের সুযোগ পায়। গত ৩০ জানুয়ারি বনভান্তে পরলোকগমন করেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগ ছাড়াও উচ্চ রক্তচাপ, ঠাণ্ডাজনিত সমস্যা এবং ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। ১৯২০ সালের ৮ জানুয়ারি রাঙামাটির মগবানের মোড়ঘোনা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪২ ঘ.