ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রাজারবাগ টেলিকম ভবনের সামনে ছিনতাইকারীর গুলিতে গোয়েন্দা পুলিশের এক সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে এক জনকে আটক করেছে টহল পুলিশ।
শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে পুলিশ সদস্য মো. লুৎফর রহমান (৩৫) আহত হন। তিনি গোয়েন্দা পুলিশের মোটরযান শাখার গাড়ি চালক।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আবদুল রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কনস্টেবল লুৎফর মোটর সাইকেলে রাজারবাগ যাওয়ার পথে মোটর সাইকেলে থাকা তিন ছিনতাইকারীকে ধাওয়া করতে দেখেন। এ সময় লুৎফর ধাওয়া দিয়ে মোটরসাইকেলটিকে ব্যারিকেড দিলে এক ছিনতাইকারী তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলিটি তার ঘাড়ে এসে বিদ্ধ হয়।
পরে টহল পুলিশ এগিয়ে এসে হাতেনাতে এক ছিনতাইকারীকে ধরে ফেলে। অবশ্য অপর দুই ছিনতাইকারী পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, আটককৃত নাজমুল আলম (২২) নিজেকে ঝালকাঠী সরকারি কলেজের বিবিএ’র ছাত্র বলে পুলিশের কাছে পরিচয় দিয়েছে। তার কাছ থেকে একটি রিভলবার ও ১৩ রাউন্ড গুলিসহ উদ্ধার করেছে।
এদিকে ঘাড়ে গুলিবিদ্ধ অবস্থায় লুৎফরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লুৎফরের সহকর্মী মো. আলম মিয়া জানান, তার গ্রামের বাড়ি জামালপুরে। ২০০০ সালে তিনি চাকরিতে যোগদান করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএম/এএল/১৬৩২ ঘ.
bdnews24