ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আঙ্কটাডের মহাসচিব সুপাচাই পানিচাপকাদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় এ সাক্ষাতের পর তাদের আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব নজরুল ইসলাম।
এ সময় প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী বাংলাদেশি পণ্য ও জনশক্তি প্রবেশাধিকারের ওপর গুরুত্ব আরোপ করেন।
প্রধানমন্ত্রী বলেন, রপ্তানি করার মতো অনেক পণ্য ও জনশক্তি বাংলাদেশের রয়েছে। বিশ্ব বাজারে বাংলাদেশি পণ্য ও জনশক্তির প্রবেশাধিকার নিশ্চিত হলে কারো ওপর নির্ভর করতে হবে না।
বিশ্ব মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বিষয়টি প্রধানমন্ত্রী উল্লেখ করলে সুপাচাই এর প্রশংসা করেন।
আঙ্কটাড মহাসচিব জাতীয় সংসদের অধিবেশনও প্রত্যক্ষ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২৩৩৮ ঘ.
bdnews24