সিলেট, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনার এক পরীক্ষার্থী নিহত হওয়ার পর গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে সিলেটে ডাকা অনির্দিষ্টকালের বাস ধর্মঘট প্রত্যাহার হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন সিলেট আন্তঃজেলা চেয়ার কোচ মালিক সমিতির সভাপতি জমির আহমদ।
বুধবার বিকালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হওয়ার পর স্থানীয়রা তিনটি গাড়িতে আগুন এবং ৩০টি গাড়ি ভাঙচুর করে। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে আন্তঃজেলা বাস মালিক সমিতি ও সিলেট জেলা সড়ক পরিবহন মালিক গ্র“পের নেতারা দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখেন।
ফলে বিভিন্ন বাসস্ট্যান্ডে দূরপাল্লার যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
জমির আহমদ জানান, সিলেট সফরে থাকা যোগাযোগ মন্ত্রীর সঙ্গে বৈঠকে বিষয়টি সমাধানে আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম, সিলেট-হবিগঞ্জ, সিলেট-কুমিল্লা, সিলেট-ব্রাহ্মণবাড়িয়া রুটে বাস চলাচল শুরু হয়েছে বলে জানান জমির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১২৩ ঘ.
bdnews24