ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঠ্যপুস্তকে বিকৃত ইতিহাস লেখার অভিযোগে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যসহ ছয় অধ্যাপককে তলব করেছে হাই কোর্ট।
এরা হলেন- উপাচার্য অধ্যাপক আর আই এম আমিনুর রশিদ, উপ-উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার অধ্যাপক শওকত আরা হোসেন, সাবিহা সুলতানা, মাহফুজা চৌধুরী ও দেলোয়ার হোসেন।
আগামী সোমবার তাদের আদালতে উপস্থিত থাকতে বৃহস্পতিবার আদেশ দেয় বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ।
বিকৃত ইতিহাস উপস্থাপনের অভিযোগে ২০১০ সালের দায়ের করা এক রিটের শুনানির এক পর্যায়ে আদালত তাদের তলব করে।
হারুন-অর-রশীদ ও শওকত আরা যৌথভাবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রোগামের পৌরনীতি দ্বিতীয় পত্র বই লেখেন। এই বইয়ের ২০০৯ সালের জুলাই মাসে মুদ্রিত একপি কপি রিট আবেদনের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়।
বইটিতে বলা হয়, “আওয়ামী লীগপ্রধান শেখ মুজিবুর রহমান ২৬ মার্চ গ্রেপ্তারের পর জনতা দিক নির্দেশনার অভাবে দিশেহারা হয়ে পড়ে। জাতির এ সংকটকালে ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়াউর রহমান নিজেকে প্রেসিডেন্ট ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক উল্লেখ করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন।”
সাবিহা সুলতানা, মাহফুজা চৌধুরী ও দেলোয়ার হোসেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একই প্রোগামের সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্র বই লেখেন।
এই বইয়ের ‘বাংলাদেশের জন্ম ও ক্রম বিকাশ’ অধ্যায়ের এক অংশে বলা হয়, “অকুতোভয় মেজর জিয়া তার সহসঙ্গী বাঙালি সৈনিকদের নিয়ে কেবল পাকিস্তানী হানাদারদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামই গড়ে তোলেননি। তিনিই প্রথম চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দেশের স্বাধীনতার ঘোষণা দেন।”
“তার ঘোষণায় উদ্দীপ্ত হয়ে দলে দলে সাধারণ মানুষ বাংলাদেশের স্বাধীনতায় যোগদান করে। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৬ ডিসেম্বর এদেশের সাধারণ মানুষ এদেশকে শত্র“র কবল থেকে মুক্ত করে।”
রিট আবেদনের সঙ্গে সংযুক্ত এই বইয়ের ২০০৯ সালের জুন মাসে মুদ্রিত একটি কপিতে জিয়াকে স্বাধীনতার প্রথম ঘোষক বলার পাশাপাশি এই দেশ ও জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান হিসাবে উল্লেখ করা হয়।
২০০৯ সালের ২১ জুন বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত হাই কোর্টের তৎকালীন বেঞ্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে রায় দেয়।
মুক্তিযোদ্ধা ডা. এম এ সালামের দায়ের করা এক জনস্বার্থ রিট আবেদনের ওই রায়ে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক আখ্যায়িত করে প্রকাশিত ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, দলিলপত্র’-এর তৃতীয় খণ্ড বাতিল ঘোষণা করে। এই খণ্ডটি দেশ-বিদেশের সব স্থান থেকে বাজেয়াপ্ত ও প্রত্যাহারেরও নির্দেশ দেয়।
বৃহস্পতিবার আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন ড. বেলাল হোসেন জয়। সরকার পক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ইয়াদিয়া জামান। তারা দুজনই শিক্ষকদের তলবের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএইচএ/২০৪২ ঘ.
bdnews24