পিরোজপুর, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরূপকাঠিতে কুপিয়ে মা ও মেয়েকে খুনের অভিযোগে আরো একজনকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জসীম উদ্দিন নামে ওই যুবক নিজেকে ছাত্রলীগকর্মী বলে দাবি করেছেন।
বুধবার পিরোজপুর-২ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলমের ন্যাম ভবনের ফ্ল্যাটে গেলে তিনি জসিমকে পুলিশে ধরিয়ে দেন। বৃহস্পতিবার তাকে পিরোজপুর পাঠানো হয়েছে।
সাংসদ শাহ আলম বলেন, “বুধবার সকালে খুনের মামলা থেকে অব্যাহতি পওয়ার তদবিরের জন্য জসীম ন্যাম ভবনে আমার ফ্ল্যাটে আসে। এ সময় সে আমার পা জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে।”
পরে পুলিশ ডেকে আমি তাকে ধরিয়ে দিই, যোগ করেন তিনি।
গত ১৮ ফেব্র“য়ারি স্বরূপকাঠি উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের সুন্দর গ্রামের মৎস্য জেলে তৌহিদুল ইসলামের স্ত্রী শিউলী বেগম (৩২) ও তার মেয়ে সুবর্ণা জুঁইকে (১২) ধর্ষণের পর কুপিয়ে হত্যা করে ধান ক্ষেতে ফেলে রাখে সন্ত্রাসীরা। ঘটনার একদিন বাদে তৌহিদুল ইসলাম অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা দয়ের করেন।
জসীমকে গ্রেপ্তারের আগে শাহীন নামে আরো এক যুবককে এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকার শেরেবাংলা নগর থানার ওসি জাকির হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জসীমকে পুলিশ হেফাজতে নেওয়ার পর পিরোজপুরে পাঠানো হয়েছে।”
স্বরূপকাঠি থাকার ওসি মেজবাহ উদ্দিন বলেন, “পিরোজপুর পৌঁছার পর জসিমকে নিয়ম অনুযায়ী জিজ্ঞাসাবাদ করা হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৯০২ ঘ.
bdnews24