শামীম আহমেদ
বার্সেলোনা থেকে
বার্সেলোনা, ০১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ও মন্ত্রনালয়ের মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে টানাপোড়েন অবসানে টেলিযোগাযোগ বিভাগ সৃষ্টি করার প্রক্রিয়া শুরু করবে সরকার।
বার্সেলোনা মোবাইল ওয়াল্ড কংগ্রেসে বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস বাংলাদেশ থেকে আসা সাংবাদিকদের এ কথা বলেন। কংগ্রেসে বাংলাদেশ সরকারের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন তিনি।
এক প্রশ্নের জবাবে সচিব বলেন, “ভারতে ডিপার্টমেন্ট অব টেলিকম রয়েছে, মূলত মন্ত্রনালয়ের অধীনে থেকে নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন বিষয় সমন্বয় করে এ ডিপার্টমেন্ট।”
বাংলাদেশের নিয়ন্ত্রক সংস্থা রাজস্ব অর্জনকে তাদের সাফল্য মনে করে উল্লে¬খ করে সচিব বলেন, অপারেটর ও সরকারের মধ্যে ভাল সম্পর্ক এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরী করাই নিয়ন্ত্রক সংস্থার মূল কাজ। কিন্তু বর্তমানে বিটিআরসির বিভিন্ন কর্মকান্ডে অপারেটর ও সরকারের মধ্যে নানা সমস্যা তৈরি হচ্ছে।
অপারেটরদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করার জন্যই টেলিযোগাযোগ বিভাগ সৃষ্টি করা হবে বলে জানান টেলিকম সচিব।
২০১০ সালে পাস হওয়া বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) আইনের মাধ্যমে টেলিযোগাযোগ সম্পর্কিত লাইসেন্স দেওয়ার ক্ষমতা বিটিআরসির কাছ থেকে মন্ত্রণালয়ের কাছে চলে যায়। এর পর থেকে বিটিআরসি ও মন্ত্রণালয়ের মধ্যে টানাপড়েন শুরু হয়।
আইনে বলা হয়, টেলিযোগাযোগ সম্পর্কিত লাইসেন্সের জন্য বিটিআরসির কাছে আবেদন করতে হবে। বিটিআরসি সরকারের অনুমোদন নিয়ে লাইসেন্স ইস্যু করবে।
নতুন একটি অপারেটরও থ্রিজি লাইসেন্স পাবে
বাংলাদেশে থ্রিজি লাইসেন্স দেওয়ার সময় নতুন একটি অপারেটরকে বাজারে আসার সুযোগ দেয়া হবে বলে উল্লেখ করে টেলিকম সচিব সুনীল কান্তি বোস বলেন, “নতুন অপারেটরকে আমরা সব সময় স্বাগত জানাই।”
আগামী জুনে নিলামের মাধ্যমে থ্রিজি লাইসেন্স দেয়ার কথা রয়েছে।
বর্তমানে গ্রামীণফোন, বাংলালিংক, রবি, সিটিসেল, এয়ারটেল ও রাষ্ট্রয়াত্ব অপারেটর টেলিটক মোবাইল ফোন সেবা দিচ্ছে।
কতগুলো অপারেটরকে থ্রিজি লাইসেন্স দেয়া হতে পারে জানতে চাইলে সচিব বলেন, থ্রিজি নীতিমালা তৈরির পরই এ বিষয়ে পরিস্কার বলা যাবে।
সোমবার স্পেনের বার্সেলোনায় জিএসএমএ মোবাইল ওয়াল্ড কংগ্রেস ২০১২। এবারের কংগ্রেসে প্রায় ৫৮ হাজার বর্গমিটার এলাকা জুড়ে মেলার আয়োজন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৭৩৯ ঘ.
bdnews24