২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করের আওতায় আসছেন প্রধানমন্ত্রীসহ মন্ত্রীরা

প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের বেতন এবং পারিতোষিকও করের আওতায় আসছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2012, 11:37 AM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের বেতন এবং পারিতোষিকও করের আওতায় আসছে। জাতীয় সংসদের বৃহস্পতিবারের অধিবেশনে এ সংক্রান্ত দুটি বিল উত্থাপন করা হয়েছে। দুটি বিলই উত্থাপনের পর ১৫ দিনের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দিতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। সংসদ কাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী বিল দুটি উত্থাপন করেন। দুটি বিলেরই উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে মতিয়া চৌধুরী বলেছেন, “শুল্ক, কর ও অন্যান্য রাজস্ব আহরণ ও ব্যবস্থাপনা কর্মসূচি ২০১১-১২ এবং অর্থ আইন-২০১১ বাস্তবায়নের লক্ষ্যে এই বিল উপস্থাপন করা হল।” এই বিল দুটি পাস হলে, ২০১১ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। এর আগে গত বুধবার জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদ সদস্যদের সম্মানী ও পারিতোষিক আয়করের আওতায় আনতে সংসদে পৃথক দুটি বিল পাস হয়। এর ফলে স্পিকার ও ডেপুটি স্পিকার এবং সংসদ সদস্যরা গত বছরের ১ জুলাই থেকে আয়করের আওতায় এসেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৭৩৫ ঘ.