ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক রাষ্ট্রপতি এরশাদের রাডার ক্রয় দুর্নীতি মামলায় বাদীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে, যে মামলাটি হয়েছিলো ২০ বছর আগে।
বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় জজ আদালতের বিচারক মো. আব্দুল মজিদ মামলার বাদী সাবেক দুনীর্তি দমন কর্মকর্তা মো. আলী হায়দারের সাক্ষ্য গ্রহণ করেন।
আগামী ২৯ মার্চ আদালত সাক্ষ্য নেওয়ার পরবর্তী তারিখ রেখেছে।
এ আদালতের পেশকার মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরের তারিখে রাষ্ট্রপক্ষ থেকে অভিযোগপত্রে উল্লেখিত সাক্ষীদের সাক্ষ্য নেওয়া হবে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, অভিযুক্তরা পারস্পরিক যোগসাজসে আর্থিক সুবিধা পেয়ে ফ্রান্সের থমসন সিএসএফ কোম্পানির অত্যাধুনিক রাডার না কিনে বেশি দামে যুক্তরাষ্ট্রের একটি কোম্পানির রাডার কিনেছিলো। এতে সরকারের ৬৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৯১৮ টাকা আর্থিক ক্ষতি হয়।
১৯৯২ সালের ৪ মে মামলাটি দায়ের করা হয়। ১৯৯৪ সালের ২৭ অক্টোবর এ মামলায় এরশাদসহ চার জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
১৯৯৫ সালের ১২ অগাস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
বৃহস্পতিবার বাদীর সাক্ষ্য গ্রহণের সময় আসামি বিমান বাহিনীর সাবেক প্রধান আসামি সুলতান মাহমুদ এবং বিমান বাহিনীর অপর সাবেক প্রধান মমতাজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। অপর আসামি ইউনাইটেড ট্রের্ডাসের একেএম মুসা পলাতক রয়েছেন।
এ মামলায় এর আগে এরশাদ সশরীরের হাজির হলেও আদালতের অনুমতিতে বৃহস্পতিবার তার পক্ষে তার আইনজীবী হাজিরা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/১৭২১ ঘ.
bdnews24