ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি শিক্ষক নিবন্ধন সদনের মেয়াদ স্থায়ী করার দাবি জানিয়েছে শিক্ষক নিবন্ধন ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে পাওয়া সনদের মেয়াদ থাকে পাঁচ বছর। এই সময়ের মধ্যে কেউ চাকরি না পেলে তাকে আবার পরীক্ষায় অংশ নিতে হয়।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও সনদ আইন-২০০৫ এবং এর অধীনে ২০০৬ সালে করা বিধিমালা কেন সংবিধান বহির্ভূত ও মৌলিক অধিকারের পরিপন্থি ঘোষণা করা হবে না, তা গত ১৪ ফেব্র“য়ারি তা জানতে চেয়েছে হাইকোর্ট।
তিন সপ্তাহের মধ্যে আইন সচিব, শিক্ষা সচিব ও বেসরকারি শিক্ষক নিবন্ধন ও সনদ কর্তৃপক্ষের নির্বাহী বোর্ডের চেয়ারম্যানকে এ জবাব দিতে বলা হয়েছে।
মানববন্ধনে শিক্ষক নিবন্ধন ঐক্য পরিষদের সভাপতি মু. আজিম উদ্দিন সরদার বলেন, পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিবন্ধন সনদ দেওয়া হলেও তা চাকরির নিশ্চয়তা দেয় না।
তিনি শিক্ষক নিবন্ধন সনদ অর্জনকারীদের সরাসরি চাকরিতে যোগদানের সুযোগ অথবা সনদের মেয়াদ স্থায়ী করার দাবি জানান।
মানবন্ধনে অন্যদের মধ্যে অধিকার বঞ্চিত শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ বাহাউদ্দিন বাহার, এমফিল-পিএইচডিধারী শিক্ষক সমিতির সভাপতি মো. এমদাদুল ইসলাম, শিক্ষক নিবন্ধন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৭০৩ ঘ.
bdnews24