সিলেট, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনার এক পরীক্ষার্থী নিহত হওয়ার পর গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের প্রতিবাদে সিলেট থেকে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিকরা। তবে লোকাল বাস চলছে।
বৃহস্পতিবার সকাল থেকে আন্তঃজেলা বাস মালিক সমিতি ও সিলেট জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতারা দূরপাল্লার বাস বন্ধ করে দেওয়ায় বিভিন্ন বাসস্ট্যান্ডে দূরপাল্লার যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
বুধবার বিকালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হওয়ার পর স্থানীয়রা তিনটি গাড়িতে আগুন এবং ৩০টি গাড়ি ভাংচুর করে।
সিলেট আন্তঃজেলা চেয়ার কোচ মালিক সমিতির সভাপতি জমির আহমদ সাংবাদিকদের বলেন, এর প্রতিবাদেই সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সিলেট থেকে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
তবে লোকাল বাস ও আশপাশের জেলায় বাস চলাচল করছে বলে জানান তিনি।
জমির জানান, ধর্মঘটের কারণে সিলেট-ঢাকা, সিলেট-চট্টগ্রাম, সিলেট-হবিগঞ্জ, সিলেট-কুমিল্লা, সিলেট-ব্রাহ্মণবাড়িয়া রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
শ্যামলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রেজা খান জানান, যাত্রীদের নিরাপদ ভ্রমণ ও গাড়িগুলোর ক্ষতিপূরণের দাবিতে ধর্মঘট ডাকা হয়েছে। ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জ থেকেও সিলেটের দিকে কোনো বাস ছেড়ে যায়নি। তবে হবিগঞ্জ থেকে ঢাকায় বাস চলাচল করছে এবং অন্যান্য লোকাল বাসও চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৫২৪ ঘ.
bdnews24