চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী মাসের মধ্যে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) দরপত্রের প্রাথমিক প্রক্রিয়া শেষ করা হবে বলে জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান।
তিনি বুধবার দুপুরে নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে চট্টগ্রাম বন্দরের উপদেষ্টা কমিটির পঞ্চম সভা শেষে সাংবাদিকদের বলেন, এনসসিটি’র দরপত্রের প্রক্রিয়া আগামী ৩১ মার্চের মধ্যে শেষ করা হবে।
আগামী এক সপ্তাহের মধ্যে দরপত্রের দলিল মন্ত্রণালয় দিতে পারবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।
বৈঠক শেষে কমিটির সিদ্ধান্ত তুলে ধরে সভার সভাপতি শাজাহান খান বলেন, এ বছরের মধ্যে পানগাঁওয়ে ইনল্যান্ড কন্টেইনার ডিপো (আইসিডি) চালু করা হবে এবং এর জন্য ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, বন্দর থেকে পানগাঁওয়ে কন্টেইনার আনা-নেওয়ার জন্য ৩২টি জাহাজের অনুমোদনও দেওয়া হয়েছে।
নৌমন্ত্রী শাজাহান খান বলেন, বন্দরে বহুতল কার পার্কিং নির্মাণের বিষয়টি দুই সপ্তাহের মধ্যে অনুমোদন দেওয়া হবে। এছাড়া বহুতল ভবন নির্মাণের প্রক্রিয়াও চলছে।
তিন মাসের মধ্যে চট্টগ্রাম বন্দরের জনবল ঘাটতি নিরসনে উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি।
এছাড়া বন্দর অন্য যে কোনো সময়ের চেয়ে গতিশীল দাবি করে নৌমন্ত্রী বলেন, বন্দরের উন্নয়নের জন্য যা যা দরকার তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হবে।
সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম, সংসদ সদস্য শামসুল হক চৌধুরী ও মঈনুদ্দিন খান বাদল, নৌসচিব আবদুল মান্নান হাওলাদার, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান কমোডর নিজামউদ্দিন আহমেদ, বিজিএমইএ সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, এফবিসিসিআই পরিচালক নুরুল হক, চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম উপস্থিত ছিলেন।
বেলা সোয়া ১১টা থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত বন্দর উপদেষ্টা কমিটির বৈঠক চলে। এতে ৪৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটির অধিকাংশই উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৯২৪ ঘ.
bdnews24