২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যায় ট্রলারডুবি: শ্রমিকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 01:27 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

নারায়ণগঞ্জ, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের ৫নম্বর খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে মেহেরুনের (২২) লাশ পাওয়া যায়। সকালে এই ঘাটের কাছেই ২০-২৫ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে গেলে মেহেরুন নিখোঁজ হন। মেহেরুন বন্দর উপজেলার ইস্পাহানী এলাকার বাসিন্দা। শহরের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। নারায়ণগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোহাম্মদ এহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৭টায় বন্দর উপজেলার ইস্পাহানী খেয়াঘাট থেকে ২০-২৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার নদীর পশ্চিম প্রান্ত থেকে ৫ নম্বর খেয়াঘাটে যাওয়ার সময়ে ঘাটের কাচে গিয়ে ডুবে যায়। অতিরিক্ত যাত্রী বহনের কারণে ট্রলারের তলা ফেটে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অপর যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয় বলে তিনি জানান। তিনি আরো বলেন, ট্রলারডুবির পর বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল নদীতে তল্লাশি শুরু করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৯ ঘ.