ঢাকা, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে দুইশর বেশি দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংসদে বুধবারের অধিবেশনে তিনি বাংলাদেশকে বিশ্বের কয়েকটি সড়ক দুর্ঘটনাপ্রবণ দেশের একটি হিসাবেও উল্লেখ করেন।
তিনি বলেন, দুর্ঘটনা কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে এ কথা জানান প্রধানমন্ত্রী।
ঢাকা-১০ আসনের সাংসদ এ কে এম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “ইতিমধ্যে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ২১৯টি দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত করা হয়েছে।”
“স্থানগুলোতে দুর্ঘটনা রোধে একটি উন্নয়ন প্রকল্প চলমান। শিগগিরই এর বাস্তবায়ন শুরু হবে।”
জাতীয় সড়ক দুর্ঘটনা কাউন্সিল পুনর্গঠনের কথা উল্লেখ করে তিনি বলেন, “দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পেশাজীবী গাড়িচালকদের সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন ও সচেতনতামূলক বিষয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।”
২০০৯-১০ অর্থ-বছরে ৬৫টি প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে আট হাজার ২৫০ জন এবং ২০১০-১১ অর্থবছরে ৮৮টি প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে ১৮ হাজার পেশাজীবী গাড়িচালককে প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “চলতি অর্থবছরে ১২৫টি প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে ৩০ হাজার পেশাদার গাড়িচালককে প্রশিক্ষণ দেওয়া হবে।”
শেখ হাসিনা জানান, বিভিন্ন মহাসড়কে গতি নিয়ন্ত্রণে দুর্ঘটনাপ্রবণ স্থানে বা বাঁকে স্বয়ংক্রিয় গতি নিয়ন্ত্রক যন্ত্র স্থাপনের উদ্যোগ আপাতত নেই।
“তবে, সব গুরুত্বপূর্ণ সড়ক ও জাতীয় মহাসড়কগুলোতে বিপরীতমুখী দুর্ঘটনা রোধে পর্যায়ক্রমে রোড ডিভাইডারসহ চার লেইনে উন্নীত করার পরিকল্পনা সরকারের রয়েছে।”
সংরক্ষিত নারী আসনের সাংসদ নাসরিন জাহান রতœার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর বৈদেশিক রেমিট্যান্স ক্রমাগত বাড়ছে।”
তিনি জানান, বর্তমান মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের শুরুতে ২০০৮-০৯ অর্থবছরে যেখানে বৈদেশিক রেমিট্যান্সের পরিমাণ ছিলো ৯.৬৮৯ বিলিয়ন মার্কিন ডলার সেখানে ২০১০-১১ অর্থ বছরে তা ১২ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৮৩৭ ঘ.
bdnews24