গাইবান্ধা/নওগাঁ, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাদুল্লাহপুর এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলায় দুই গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামীদের গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সাদুল্লাপুরের ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মনোয়ারা বেগমকে (৩০) এবং নিয়ামতপুরের পাইকারা পালপাড়া গ্রামের আইরিন পারভীনকে (২২) হত্যা করা হয় বলে জানায় পুলিশ।
সাদুল্লাপুর থানার ওসি আব্দুল জলিল সরকার পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, পারিবারিক কলহের জের ধরে কৃষ্ণপুর গ্রামের তিন সন্তানের জননী মনোয়ারা বেগমকে তার স্বামী মঙ্গলবার দিনের বেলা কয়েকদফা মারধর করে।
পরে ভোররাতে তাকে শ্বাসরোধে হত্যার পর গলায় ফাঁস দিয়ে নিজ ঘরে ঝুলিয়ে রাখা হয় বলে মনোয়ারার ভাই পুলিশের কাছে অভিযোগ করেন।
মনোয়ারার শরীরে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মনোয়ারার স্বামী বাবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের ভাই বাবুল মিয়া বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।
এদিকে নিয়ামতপুর থানার ওসি শফিউল আলম জানান, পারিবারিক কলহের জের ধরে আইরিনকে বুধবার প্রথম প্রহরের কোনো এক সময় মাথায় আঘাত করে হত্যা করা হয়।
পুলিশ সকাল ১১টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
আইরিনের স্বামী ভ্যানচালক নুরুল ইসলাম ওরফে টুটুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৫২ ঘ.
bdnews24