পিরোজপুর, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা থেকে পাঁচ হাজার বস্তা সারসহ একটি কার্গো আটক করেছে পুলিশ। এ সময় চার কার্গো কর্মচারীকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার রাতে বলদিয়া ইউনিয়নের শীতলা খালে এমভি শাহেদ নামের কার্গোয় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার চারজন হলেন- কার্গো চালক মোস্তফা কামাল, তার সহকারী ওবায়দুর রহমান, নাসির উদ্দিন ও রিয়াজ উদ্দিন।
কালোবাজারে বিক্রির জন্য এ কার্গোয় করে এ সার নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।
স্বরূপকাঠি থানার ওসি মেজবাহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কার্গো থেকে প্রায় অর্ধ কোটি টাকার সার আটক করা হয়েছে। নোঙ্গর করা কার্গোটি দেখে এলাকাবাসীর সন্দেহ হলে তারা কৃষি কর্মকর্তা বিধান রায়কে খবর দেয়।
কৃষি কর্মকর্তা যাচাই-বাছাই শেষে সারগুলো কালোবাজারে বিক্রির জন্যই নেওয়া হচ্ছে বলে প্রমাণ পান। তখন খবর দিলে পুলিশ গিয়ে সার ও কার্গো আটক করে।
স্বরূপকাঠির জনৈক ডিলার যশোরের অভয়নগর বাফার গুদাম থেকে সার নিয়ে তা নিজ গুদামে না তুলে বাইরে পাচারের জন্য শীতলার খালে নোঙর করে রাখা হয়েছিলো বলে জানান ওসি।
এ ব্যাপারে কৃষি কর্মকর্তা থানায় মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৩৬ ঘ.
bdnews24