ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক জনতার সাংবাদিক ফরহাদ খান ও তার স্ত্রী হত্যা মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
আসামিরা হলেন- নিহত ফরহাদের ভাগ্নে নাজিমুজ্জামান ইয়ন ও ইয়নের বন্ধু রাজু।
মঙ্গলবার ঢাকার প্রথম অতিরিক্ত মহনগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক এ এইচ এম হাবিবুর রহমান ভুইঞা আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামি ১৪ মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি আব্দুস সাত্তার দুলাল আসামিদের বিরুদ্ধে খুনের অভিযোগ পড়ে শোনান।
এ সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন।
আসামিদের অভিযুক্ত করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবুয়াল খায়ের মাতুব্বর হত্যা, চুরি ও আলামত গোপনের অপরাধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন গত ২ জানুয়ারি।
গত বছরের ২৮ জানুয়ারি বিকেলে রাজধানীর ৭৭ নয়াপল্টনের বাসার ২য় তলার বেডরুম থেকে পুলিশ সাংবাদিক ফরহাদ খান ও তার স্ত্রী রহিমা বেগমের গলাকাটা লাশ উদ্ধার করে।
এ ঘটনায় ওইদিনই ফরহাদ খানের ছোট ভাই আব্দুস সামাদ খান বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে পল্টন থানায় একটি হত্যা মামলা করেন।
ঘটনার পরপরই পুলিশ আসামি ইয়নকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী আসামি রাজুকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার দায় স্বীকার করে গত বছরের ১ মার্চ রাজু আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন।
পরে আসামিদের স্বীকারোক্তিমতে সাংবাদিক ফরহাদের ব্যবহৃত মোবাইল সেট, চুরি যাওয়া টাকা, স্বর্ণালঙ্কার, রক্তমাখা জামাকাপড় ও হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি চাকু উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২৩৪৪ ঘ.
bdnews24