চাঁদপুর, ফেব্র“য়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলিশ রক্ষায় নদীতে মাছ শিকার নিষিদ্ধ থাকার দুই মাস ক্ষতিগ্রস্ত সবাইকে সরকারি সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন জেলেরা। তারা বলছেন, মাছ শিকার করতে না পারায় দুই মাস তাদেরকে কর্মহীন অবস্থায় থাকতে হয়।
ইলিশ রক্ষায় মেঘনা নদীর একশ কিলোমিটার এলাকায় মার্চ ও এপ্রিল এই দুই মাস মাছ শিকার নিষিদ্ধ থাকে। ২০০৬ থেকে এই কর্মসূচি চালু রয়েছে।
জেলা মৎস্য সম্পদ কর্মকর্তা রতন দত্ত জানান, মেঘনায় নিষিদ্ধ ঘোষিত একশ’ কিলোমিটার এলাকার মধ্যে চাঁদপুরের ষাটনল থেকে চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকা রয়েছে। এই সময়ের মধ্যে কেউ নদীতে মাছ শিকার করলে জেল-জরিমানা হবে। তবে ক্ষতিপূরণ হিসেবে চাঁদপুরের ২৬ হাজার ৩৩৫ জেলেকে প্রতিমাসে ৩০ কেজি করে চাল দেওয়া হবে।
গতবছর জেলেপ্রতি প্রতিমাসে ২০ কেজি করে চাল দেওয়া হলেও এবার তা ১০ কেজি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
অবশ্য চাঁদপুর কান্ট্রি ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম মল্লিক জানান, মেঘনায় মাছ শিকারের উপর চাঁদপুরের ৫০ হাজার জেলা পরিবার নির্ভরশীল। এরমধ্যে সরকারি তালিকাভুক্ত হয়েছে ২৬ হাজার। বাকিরাও এ সময়ে মেঘনায় মাছ ধরতে যেতে পারবে না, তাহলে তারা বাঁচবে কীভাবে?
তিনি তালিকার বাইরে থাকা জেলেদেরও সরকারি সহায়তা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, নাহলে পেটের তাগিদেই জেলেরা নদীতে জাল ফেলবে এবং জেল-জরিমানার শিকার হবে।
দু’মাস মাছ শিকার বন্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় শহরের বড়স্টেশন এলাকার জেলে নুরুল হক বেপারী (৮৫) বলেন, এ সময় হাতে কোনো কাজ থাকে না। ৩০ কেজি চাল দিয়ে জীবন চালানো কষ্টকর।
প্রায় একই ধরনের কথা বলেন বড়স্টেশন এলাকার জেলে আক্কাস মোল্লা (৮৬) ও আবু সাঈদ বকাউল (৫৬)। তারা বলেন, শুধু চাল দিয়ে তো আর পেট ভরে না। এর সঙ্গে ডাল-তেল-আলুসহ অন্যান্য জিনিসও লাগে।
২০১১ সালে এ কর্মসূচি চলাকালে মেঘনায় মাছ শিকারের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১০৯ জেলের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৬৪৬ ঘ.
bdnews24