ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত বইয়ের সংখ্যা আগের যে কোনো বারের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
বাংলা একাডেমীর সমন্বয় ও জনসংযোগ উপবিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এবছর বইমেলায় মোট বই প্রকাশিত হয়েছে তিন হাজার পাঁচশ ৬০টি। এর মধ্যে গল্প তিনশ ৮৭, উপন্যাস পাঁচশ ২৯, প্রবন্ধ দুইশ ৫৫, কবিতা সাতশ ৮৯, গবেষণা একশ ছয় , ছড়া একশ ৫৫, শিশুসাহিত্য একশ ৫৯,জীবনী ও স্মৃতিচারণ একশ ১৩, রচনাবলী ৮, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ৯৫, নাটক ৩১, বিজ্ঞান ৬৯, ভ্রমণ ৬৪, ইতিহাস ৪৯, রাজনীতি ২৮,স্বাস্থ্য ৩৯, কম্পিউটার নয়, রম্য রচনা একশ ১৭, ধর্মীয় ২৬, অনুবাদ ৫৯, অভিধান তিন, বৈজ্ঞানিক কল্পকাহিনী ৩৮ এবং অন্যান্য চারশ ৩২টি বই।
গতবছর মোট তিন হাজার ১৩, ২০১০ সালে তিন হাজার তিনশ ৫৪, ২০০৯ সালে দুই হাজার সাতশ ৪১, ২০০৮ সালে দুই হাজার পাঁচশ ৭৮, ২০০৭ সালে এক হাজার নয়শ ১৯ এবং ২০০৬ সালে দুই হাজার একশ দুইটি বই প্রকাশ হয়েছিল।
এদিকে বাংলা একাডেমী থেকে প্রকাশিত বই বিক্রির ক্ষেত্রেও এ বছরের মেলা এগিয়ে আছে গেল বছরগুলোর তুলনায়। এবছর একাডেমীর মোট বিক্রি হয়েছে ৭৮ লাখ ৩৮ হাজার ৩৯৯ টাকার বই।
অন্যদিকে, ২০১১ সালে মোট বিক্রি ছিলো ৭২ লাখ ৮৩ হাজার ৫৩ টাকা, ২০১০ সালে ৬৮ লাখ ১ হাজার ৬৮৫, ২০০৯ সালে ৬১ লাখ ৬০ হাজার ৩২২, ২০০৮ সালে ৬৯ লাখ ৫৭ হাজার ৫৯১ টাকা, ২০০৭ সালে ৪৩ লাখ ৪৪ হাজার ৩৮৮ টাকা এবং ২০০৬ সালে ৩২ লাখ ২৩ হাজার ৩৭১ টাকা।
শেষ বেলার কেনাকাটা
একুশে ফেব্রুয়ারির পর মেলার ভিড় মোটামুটি কমে এলেও শেষের দুই দিন আবারো লোকারণ্য হয়ে উঠেছে বইমেলা। আর শেষ বেলার বিক্রিতেও সন্তষ্ট প্রকাশক বিক্রেতারা।
মিজান পাবলিশার্সের স্বত্বাধিকারী আ ন ম মিজানুর রহমান পাটোয়ারি বলেন, “মেলার সময় তো প্রায় শেষ তাই বইয়ের প্রতি আগ্রহী পাঠকরা আসছেন। বিকালে মেলার গেট খোলার পর থেকেই প্রচণ্ড ভিড়। যারা এসেছেন তারা প্রত্যেকেই কিছু না কিছু কিনেছেন।”
প্রকাশনা সংস্থা অন্বেষার প্রকাশক মোহাম্মদ শাহাদৎ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ যারা মেলায় এসেছেন তারা মূলত বই কিনতেই এসেছেন। সংখ্যাটা আগামী কাল আরো বেশি হতে পারে।”
মেলা শেষ হতে আর মাত্র একদিন বাকি। তাই শেষ দিনের কেনাকাটায় ব্যস্ত সময় কাটাতে দেখা যায় ক্রেতাদের। মেলায় আগত প্রায় প্রতেকেরই হাতে ছিলো নতুন বই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহ মোহাম্মদ সাইফুল এবং মির্জা মাহমুদুর রহমানকে দেখা গেলো কেনাকাটায় প্রচণ্ড ব্যস্ত।
মেলার শুদ্ধস্বরের স্টলের সামনে মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা দু বন্ধুই আজ মূলত বই কিনতে এসেছি। আমি ১০টা বই কিনলাম। সাইফুল কবিতার ভক্ত সে কয়েকটি কবিতার বই কিনেছে।”
কথা হলো ব্যাংক কর্মকর্তা হাসান শাহারিয়ারের সঙ্গে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভ্রমণ ও আলোকচিত্র বিষয়ে কয়েকটি বই কিনেছি। আরো কিছু বই কেনার ইচ্ছা আছে, সময় পেলে আগামী কাল আবার আসব।”
সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার
মঙ্গলবার মেলার আটাশতম দিন সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১২ ঘোষণা করা হয়। বাংলা একাডেমীতে এক অনুষ্ঠানে বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। এ সময় আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান উপস্থিত ছিলেন।
এবার ‘ক’ শাখায় উপন্যাসে প্রথমা থেকে প্রকাশিত ‘রামগোলাম’ গ্রন্থের জন্য হরিশংকর জলদাস, প্রবন্ধে বাংলা একাডেমী থেকে প্রকাশিত ‘জারি গানের আসরে বিষাদ সিন্ধু’ গ্রন্থের জন্য যৌথভাবে সাইমন জাকারিয়া ও নাজনীন মর্তুজা, কবিতায় অন্যপ্রকাশ থেকে প্রকাশিত ‘কবিতাপুর’ গ্রন্থের জন্য শাহাবুদ্দীন নাগরী, শিশুসাহিত্যে (যৌথভাবে) অনন্যা থেকে প্রকাশিত ‘ইতিহাস স্যার’ গ্রন্থের জন্য লুৎফর রহমান রিটন ও ‘মানিকের লাল কাঁকড়া’ গ্রন্থের জন্য আনজীর লিটন এবং শ্রেষ্ঠ প্রচ্ছদ শাখায় ‘ইতিহাস স্যার’ গ্রন্থের জন্য আফজাল হোসেন এই পুরস্কার পেয়েছেন।
এছাড়া জীবনের প্রথম বই ক্যাটাগরিতে ‘খ’ শাখায় কবিতায় ‘সোনেলা রোদের সাঁকো’ গ্রন্থের জন্য মাজহার সরকার সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার পেয়েছেন।
‘ক’ শাখায় পুরস্কার প্রাপ্তরা প্রত্যেকে ২৫ হাজার টাকা ও একটি ক্রেস্ট এবং ‘খ’ শাখার পুরস্কার প্রাপ্তরা প্রত্যেকে ১০ হাজার টাকা ও একটি ক্রেস্ট পাবেন।
মূল মঞ্চের আয়োজন
বইমেলার ২৮তম দিন বিকেলে গ্রন্থমেলার মূলমঞ্চে আয়োজিত ‘বাংলার মনীষা : মমতাজুর রহমান তরফদার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রবন্ধ পড়েন ড. ফিরোজ মাহমুদ।
অধ্যাপক পারভীন হাসানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অধ্যাপক সাইফুদ্দীন চৌধুরী, অধ্যাপক শামসুল হোসাইন লিপিমুদ্রা, গবেষক শরিফুল ইসলাম এবং অধ্যাপক শাহনাজ হুসনে জাহান।
প্রাবন্ধিক ড. ফিরোজ মাহমুদ বলেন, “ইতিহাসচর্চায় মমতাজুর রহমান তরফদার নতুন দৃষ্টিভঙ্গি ও গবেষণাপদ্ধতি প্রয়োগ করেছেন। মুদ্রা ও শিলালিপি গবেষণার মধ্য দিয়ে বাংলার শাসনতান্ত্রিক ইতিহাস নির্ণয়ে ভূমিকা রেখেছেন।”
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় আবৃত্তি পরিবেশন করে ‘আবৃত্তিশীলন’। লোকসংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী সাইদুর রহমান বয়াতি, কুদ্দুস বয়াতি, কাঙ্গালিনি সুফিয়া প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচএ/পিডি/২২৩৬ ঘ.
bdnews24