ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্যেষ্ঠ সচিব হিসাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মোল্লা ওয়াহেদুজ্জামান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব হিসাবে চুক্তিতে নিয়োজিত ছিলেন তিনি। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।
এতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে তার যোগদানের তারিখ হতে ২০১৪ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত তাকে জ্যেষ্ঠ সচিব হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগপূর্বক প্রধানমন্ত্রীর কার্যালয়ে পদায়ন করা হলো।
পৃথক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হককে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক সালাহ উদ্দিন মাহমুদকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয়।
একই আদেশে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক শামছুন নাহারকে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমানকে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন তালুকদার ঢাকা যানবাহন সমন্বয় বোর্ডের নির্বাহী পরিচালক হিসাবে নিয়োগ পান।
রংপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী হাসান আহমেদকে রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসাবে বদলি করা হয়।
এছাড়া বি এফ আই ডি সি’র পরিচালক সৈয়দ মো. ওয়াজেদ আলীকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক ওয়াদুদুল বারী চৌধুরীকে আর্কাইভ ও গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমীনকে বিসিএস প্রশাসন একাডেমির অতিরিক্ত মহাপরিচালক এবং মো. রেজাউল কাদেরকে বাংলাদেশ ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের পরিচালক হিসাবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়।
অন্য এক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোস্তাফিজুর রহমানকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক সুষেণ চন্দ্র দাসকে ওএসডি করা হয়।
এছাড়া বিসিএস ক্যাডারের ৫৮ জনকে সিনিয়র স্কেল পদে পদোন্নতি দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পদোন্নতিপ্রাপ্ত এসব কর্মকর্তা স্ব-স্ব পদে একই কর্মস্থলে বহাল থেকে নিজ নিজ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে যোগদানপত্র দাখিল করবেন বলে আদেশে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২১০১ ঘ.
bdnews24