বাগেরহাট, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদ থেকে ট্রলার বোঝাই ৬৫৩ বস্তা সরকারি চাল ও গমসহ তিন ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড।
আটককৃতরা হলেন, ট্রলার চালক আব্দুল হক মুসল্লী (৫৫), তার ছেলে নাজমুল হাসান (১৮) ও ট্রলারের সহকারী মিন্টু সরকার (২৫)। তাদের বাড়ি বরগুনা জেলার আমতলিতে।
কোস্টগার্ড কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বলেশ্বর নদে অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে ৪৫৩ বস্তা চাল ও ২০০ বস্তা গম উদ্ধার করা হয়। এ সময় আটক ট্রলার চালক ও তার সহযোগীরা এসব চাল ও গমের কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি। উদ্ধারকৃত চাল ও গমের বস্তায় খাদ্য অধিদপ্তরের সিল রয়েছে।
আটককৃতরা দাবি করেছেন, জাহাঙ্গীর ও নূরুল হক নামে দুই ব্যক্তি মঠবাড়িয়া থেকে এসব চাল ও গম বাগেরহাট বাজারের তাপস সাহা নামে এক ব্যবসায়ীর ঘরে পৌঁছে দিতে বলেছিলেন।
অবশ্য ব্যবসায়ী তাপস সাহা এ কথা অস্বীকার করে বলেছেন, তিনি এসব চাল ও গম সম্পর্কে কিছুই জানেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০০১ ঘ.
bdnews24