ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পর্নোগ্রাফি উৎপাদন, সংরক্ষণ, বাজারজাতকরণ, বহন, সরবরাহ, কেনা-বেচা ও প্রদর্শনের অপরাধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রেখে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ বিল-২০১২ সংসদে পাস হয়েছে।
শিশুদের ব্যবহার করে পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণকারীদের জন্য সবচে বেশি শাস্তির বিধান রাখা হয়েছে। এদের জন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা করার বিধান রয়েছে।
কোনো ব্যক্তি পর্নোগ্রাফি উৎপাদন বা এ উদ্দেশ্যে অংশগ্রহণকারী সংগ্রহ করে চুক্তিপত্র তৈরি করলে অথবা কোনো নারী, পুরুষ বা শিশুকে প্রলোভন দিয়ে জ্ঞাতে বা অজ্ঞাতে স্থির, ভিডিও বা চলচ্চিত্র ধারণ করলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও দু’লাখ টাকা জরিমানা করার বিধান রাখা হয়েছে।
জাতীয় সংসদে মঙ্গলবারের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বিলটি পাসের জন্য উত্থাপন করলে তা কন্ঠভোটে পাস হয়।
গত ২ জানুয়ারি মন্ত্রিসভা বিলটির চূড়ান্ত অনুমোদন দেয়। গত ২৯ জানুয়ারি বিলটি সংসদে উত্থাপিত হয়। এরপর বিলের ওপর দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো হয়। নাকচ হয় বিলের ওপর আনা সংশোধনী প্রস্তাব।
এ আইনে বিশেষ আদালত বা ট্রাইব্যুনালে বিচার হবে বলে গত ২ জানুয়ারি জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আজাদ আবুল কালাম।
পর্নোগ্রাফির সংজ্ঞা ও তদন্ত
বিল অনুযায়ী পর্নোগ্রাফি হলো যৌন উত্তেজনা সৃষ্টিকারী কোনো অশ্লীল সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গি, নগ্ন বা অধনগ্ন নৃত্য যা চলচ্চিত্র, ভিডিওচিত্র, অডিও ভিজুয়াল চিত্র, স্থির চিত্র, গ্রাফিক্স বা অন্য কোনো উপায়ে ধারণকৃত ও প্রদর্শনযোগ্য এবং যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই।”
এছাড়া যৌন উত্তেজনা সৃষ্টিকারী অশ্লীল বই, সাময়িকী, ভাষ্কর্য, কল্পমূর্তি, মূর্তি, কার্টুন বা লিফলেট বা এগুলোর নেগেটিভ বা সফট ভার্সনও পর্নোগ্রাফির আওতাভুক্ত হবে।
বিলের ৬ নম্বর দফা অনুযায়ী, এ জাতীয় অপরাধের সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে তাৎক্ষণিক গ্রেপ্তার বা কোনো পর্নোগ্রাফি সরঞ্জাম জব্দের জন্য তল্লাশি চালানো যাবে।
বর্তমানে চলচ্চিত্র, স্যাটেলাইট, ওয়েবসাইট ও মোবাইলের মাধ্যমে পর্নোগ্রাফি মারাত্মক ব্যাধির মতো দেশের সর্বত্র ছড়িয়ে পড়লেও সুনির্দিষ্ট আইন না থাকায় অপরাধ রোধ ও অরপাধীদের বিচার করা সম্ভব হচ্ছে না- এ কারণে এ বিল উত্থাপন করা হয় বলে মন্ত্রী উল্লেখ করেন।
বিলে বলা হয়েছে, পর্নোগ্রাফি সংক্রান্ত- অপরাধে সহায়তাকারীদেরও শাস্তির আওতায় আনা যাবে।
পর্নোগ্রাফির অভিযোগ পাওয়া গেলে তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বা তার সম-মর্যাদার কর্মকর্তাকে দিয়ে ৩০ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে। তদন্তের প্রয়োজনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নিয়ে আরো ১৫ দিন এবং আদালতের অনুমোদন পাওয়া গেলে আরো ৩০ দিন পর্যন্ত সময় নেওয়া যাবে।
পর্নোগ্রাফির মাধ্যমে কারো মর্যাদাহানি বা কাউকে ব্ল্যাকমেইল করা হলে এমনকি এ জাতীয় কিছু সংরক্ষণ বা পরিবহন করা হলেও দুই থেকে পাঁচ বছর কারাদণ্ড এবং এক থেকে দু’লাখ টাকা জরিমানা করা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৮০৭ ঘ.
bdnews24