ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেলিযোগাযোগ সংক্রান্ত তিন ধরনের লাইসেন্সের দরপত্র জমা দেওয়ার সর্বশেষ তারিখ নির্ধারণে আদেশ মানতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে বাধ্য করতে মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ), ইন্টারকানেকশন এক্সচেঞ্জের (আইসিএক্স) ও ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের (আইআইজি) লাইসেন্স ইস্যু সংক্রান্ত ওই দরপত্র নিয়ে করা এক রিট আবেদনে মঙ্গলবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফ এই রুল জারি করেন।
চার সপ্তাহের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান, ডাক ও টেলিযোগাযোগ সচিব, আইন সচিব, বিটিআরসির চেয়ারম্যান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারি সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
জনস্বার্থে সপ্তাহ দুয়েক আগে রিট আবেদনটি দায়ের করেন মো. মোস্তাফিজুর রহমান। রিটের দাখিল করেন সৈয়দ এজাজ কবির। আদালতে শুনানি করেন মাসুদ আহমেদ সাইদ। এ সময় সরকার পক্ষে ছিলেন, সহকারি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।
সৈয়দ এজাজ কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন ধরণের লাইসেন্স ইস্যুর জন্য বিটিআরসি দরপত্র আহ্বান করে। গত বছরের ২২ নভেম্বর ওই প্রস্তাব জমা দেওয়ার সর্বশেষ তারিখ ছিল।
এর মধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় দরপত্র প্রস্তাব জমা দেওয়ার সর্বশেষ তারিখ ১৫ ডিসেম্বর পর্যন্ত বাড়াতে বিটিআরসিকে চিঠি দেয়। বিটিআরসি ওই চিঠি অনুযায়ী সময় না বাড়িয়ে ৮ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এসইউ/১৯২৪ ঘ.
bdnews24