২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ‘বন্ধুকযুদ্ধে’ যুবক নিহত

বগুড়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন, যাকে অস্ত্র ব্যবসায়ী বলে দাবি করছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2012, 11:13 AM

Updated : 24 Aug 2022, 10:52 AM

বগুড়া, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন, যাকে অস্ত্র ব্যবসায়ী বলে দাবি করছে র‌্যাব। মঙ্গলবার সকালে র‌্যাব-১২ এর সঙ্গে বন্দুকযুদ্ধে ওই যুবক মারা যান বলে জানান কোম্পানি অধিনায়ক সুমিত চৌধুরী। নিহত মো. রাঙ্গা (২৫) শহরের মালতীনগর পাইকাড়পাড়ার মৃত ফরজান আলীর ছেলে। তিনি ইয়ং ম্যানস খ্রিস্টান অ্যাসোসিয়েশনে কাজ করতেন। সুমিত চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার গভীর রাত থেকে রাঙ্গাকে নিয়ে অস্ত্র উদ্ধারে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় র‌্যাব। মঙ্গলবার সকাল ৮টায় শহরের দ্বিতীয় বাইপাস মহাসড়কের রবিবাড়িয়া এলাকার বশিরের নার্সারিতে অভিযান চালাতে গেলে সেখানে ওঁৎ পেতে থাকা রাঙ্গার দুই সহযোগী র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় রাঙ্গা গুলিবিদ্ধ হয়। পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে দাবি করেন র‌্যাব কর্মকর্তা সুমিত। নিহত রাঙ্গার বোন নাজমা বেগম জানান, সোমবার রাত নয়টায় রাঙ্গা ফোন দিয়ে র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার কথা জানায়। সকালে পরিবারের লোকজন জানতে পারে রাঙ্গা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। রাঙ্গা নেশা করলেও অস্ত্র ব্যবসায়ী ছিলো না বলে দাবি করেন তিনি। এদিকে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর আগে বিভিন্ন সময়ে শহরের কলোনি বাজার থেকে র‌্যাব সদস্যরা রেজাউল (৩০), মালগ্রাম মধ্যপাড়ার জাবেদ আলীর ছেলে মোস্তাফা ওরফে মোস্তর (৩০) এবং পাইকাড়পাড়ার বাঁধনকে (৩০) গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৭১২ ঘ.