২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৮ ঘণ্টার ধর্মঘটে রাষ্ট্রায়ত্ত কারখানা শ্রমিকরা

মজুরি কমিশনসহ নয় দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত কারখানা ও পাটকলে টানা ৪৮ ঘণ্টা কর্মবিরতি শুরু করেছেন শ্রমিকরা। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2012, 11:02 AM

Updated : 24 Aug 2022, 10:52 AM

ঢাকা, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুরি কমিশনসহ নয় দফা দাবিতে রাষ্ট্রায়ত্ত কারখানা ও পাটকলে টানা ৪৮ ঘণ্টা কর্মবিরতি শুরু করেছেন শ্রমিকরা। শ্র্রমিকদের মজুরি কমিশন ২০০৯ সাল থেকে কার্যকর করাসহ নয় দফা দাবিতে পাটকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ গত ১৮ ফেব্রুয়ারি এই ধর্মঘট ডাকে। পরে এতে সমর্থন দেয় সেক্টর কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদ। আমাদের নাটোর প্রতিনিধি জানান, নাটোর চিনিকল ও নর্থ বেঙ্গল সুগার মিলে মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। এতে মিল দুটিতে উৎপাদন বন্ধ রয়েছে। নাটোর সদর থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন জানান, কারখানার নিরাপত্তায় সকাল থেকে পুলিশ মোতায়েন রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, ডেমরা শিল্পাঞ্চলের লতিফ বাওয়ানি জুট মিল ও করিম জুট মিলে সকাল থেকে কাজ বন্ধ রেখে শ্রমিকরা কারখানায় মিছিল ও সমাবেশ করেছেন। লতিফ বাওয়ানি জুট মিল শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মোহাম্মদ আলী ও জাতীয় শ্রমিক লীগের ডেমরা শিল্পাঞ্চলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম জানান, দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। এদিকে চট্টগ্রামের ১১টি পাটকল ও ৮টি অন্যান্য সরকারি শিল্প-কারখানায়ও সকাল থেকে কর্মবিরতি পালন করছেন শ্রমিক-কর্মচারীরা। সেক্টর কর্পোরেশন শ্রমিক কর্মচারী ফেডারেশন সমন্বয় পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক এম কামাল উদ্দিন বলেন, সারাদেশের মতো চট্টগ্রামের এসব শিল্প-কারখানার শ্রমিকরাও কাজ করছেন না। সেক্টর করর্পোরেশনের শ্রমিকদের পাশাপাশি চট্টগ্রাম রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ পরিষদও কর্মবিরতি পালন করছে বলে জানান পরিষদের আহ্বায়ক মাহবুবুল আলম। চট্টগ্রামে ধর্মঘট পালনকারী ১১ প্রতিষ্ঠান হলো-টিএসপি সার কারখানা, ড্রাইডক লিমিটেড, জিএম প্ল্যান্ট, ইস্টার্ন কেবলস, প্রগতি, সিইউএফএল, ডিএপি সার কারখানা, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, কর্ণফুলী পেপার মিল, গাজী ওয়্যারস ও বাংলাদেশ বনশিল্প করপোরেশন। এ ছাড়া আমিন জুট মিল, হাফিজ জুট মিল, বাগদাদ-ঢাকা কার্পেট, গুল আহমদ জুট মিল, এম এম জুট মিল, আর আর জুট মিল, গালফ্রা হাবিব লিমিটেড ও মিল ফার্নিশিংয়ের শ্রমিকরাও ধর্মঘট পালন করছেন। খুলনা প্রতিনিধি জানান, ৪৮ ঘণ্টার ধর্মঘটের সমর্থনে খুলনার শ্রমিকরা কাজ বন্ধ রেখে মিলের সামনে বিক্ষোভ-সমাবেশে করেছেন। প্রতিটি কারখানায় পুলিশ মোতায়েন রয়েছে। শ্রমিকদের ধর্মঘটের কারণে খুলনাঞ্চলের মিলগুলোতে উৎপাদন বন্ধ রয়েছে বলে জানান প্লাটিনাম জুবিলি জুট মিলের মহাব্যবস্থাপক মো. জসিম উদ্দিন। খালিশপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মির্জা সায়েম মাহমুদ জানান, যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সব মিল ও গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। জামালপুর প্রতিনিধি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের যমুনা সার কারখানায় সকাল থেকে ৪৮ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। যমুনা সারকারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান জানায়, কর্মবিরতি চলাকালে কারখানা চত্বরে শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। দিনাজপুর প্রতিনিধি জানান, কর্মবিরতির কারণে সেতাবগঞ্জ চিনিকলে উৎপাদন বন্ধ রয়েছে। এ ছাড়া রাজশাহী জুট মিল শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান ও সহ-সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিসের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমক প্রতিনিধি জানান, সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মিছিল ও সমাবেশ করেছে। শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে- ২০০৯ সালের ১ জুলাই থেকে মজুরি কমিশনের রোয়েদাদ চালু, কর্মরত অবস্থায় শ্রমিক মারা গেলে তার পরিবারের ৩৬ মাসের বেতনের সমপরিমাণ গ্র“প ইন্সুরেন্স চালু রাখা, ২০০৬ সালের শ্রমিক স্বার্থবিরোধী কালাকানুন বাতিল করে আইএলও কনভেনশন ’৮৭ ও ’৯৮ অনুযায়ী শ্রম আইন সংশোধনী ইত্যাদি। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি একই দাবিতে দেশের ছয় শিল্পখাতের শ্রমিকরা ২৪ ঘণ্টা টানা ধর্মঘট পালন করেন। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিসিআইসির বিভিন্ন কারখানা, সুগার কর্পোরেশন, স্টিল কর্পোরেশন, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের জুট কর্পোরেশন ও টেক্সটাইল কর্পোরেশন এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে বন ও শিল্প কর্পোরেশনের বিভিন্ন কারখানায় প্রায় ৮৩ হাজার স্থায়ী শ্রমিক এবং প্রায় ৫০ হাজার অস্থায়ী শ্রমিক কর্মরত রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৬৫২ ঘ.